র‌্যাংকিংয়ে লাফ দিলেন মুশফিক

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ঐতিহাসিক সেঞ্চুরি করার পর আইসিসির হালনাগাদ করা টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে উঠেছেন তিনি।

অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম যেন ক্যারিয়ারের শেষ বেলাতেও স্বরণীয় সময় কাটাচ্ছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ঐতিহাসিক সেঞ্চুরি করার পর আইসিসির হালনাগাদ করা টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে উঠেছেন তিনি।

মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলেন মিরপুরে। সেই ম্যাচটিকে আরও স্মরণীয় করে তুলেছেন প্রথম ইনিংসে ১০৬ রান এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলে। এর মাধ্যমে তিনি ক্রিকেট ইতিহাসে ১০০তম টেস্টে সেঞ্চুরি করা মাত্র ১১তম ব্যাটার হিসেবে নাম লিখিয়েছেন।

তার এই অসাধারণ পারফরম্যান্স আইসিসির সর্বশেষ র‍্যাংকিংয়েও প্রতিফলিত হয়েছে। তিনি এক লাফে সাত ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠে এসেছেন, যা কোনো বাংলাদেশি টেস্ট ব্যাটসম্যানের সর্বোচ্চ র‍্যাংকিং। এদিকে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও একই টেস্টে মাইলফলক অর্জন করে র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন।

তাইজুল দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হিসেবে সাকিব আল হাসানকে পেছনে ফেলে ২৫০ টেস্ট উইকেট নেওয়া বাংলাদেশের প্রথম বোলার হন। ম্যাচে মোট আট উইকেট নেওয়ার সুবাদে তিনি র‍্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন, যা তাকে বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাংকধারী টেস্ট বোলার বানিয়েছে।

লিটন দাস ও মুমিনুল হকও শেষ টেস্টে ভালো পারফরম্যান্সের কারণে র‍্যাংকিংয়ে উন্নতি পেয়েছেন। লিটন ১২৮ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন, র‍্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠেছেন। আর মুমিনুল, প্রথম ও দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ৬৩ এবং ৮৭ রান করার কারণে আট ধাপ এগিয়ে ৪৬তম স্থানে পৌঁছেছেন।

ওপেনার মাহমুদুল হাসান জয় প্রথম টেস্টে দুর্দান্ত ১৭১ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৩৪ ও ৬০ রান করেন। তার পারফরম্যান্স তাকে দুই ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ের ৭২তম স্থানে পৌঁছে দিয়েছে।

Share via
Copy link