আইপিএল নিলামের হটকেক হবেন যারা!

১৩৫৫ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন এই নিলামে, আর ৪৫ জন খেলোয়াড় দাঁড়িয়ে আছেন ২ কোটি বেস প্রাইসের প্রিমিয়াম সারিতে। কিন্তু এই ভিড়ের মাঝেও চারটি নাম জ্বলজ্বল করছে,যাঁরা হয়ে উঠতে পারেন ২০২৬ মৌসুমের সবচেয়ে দামী খেলোয়াড়।

আইপিএলের নিলাম মানেই উত্তেজনা, কৌশলের লড়াই, আর কোটি টাকার ঝড়। মিনি নিলামের আগেই সেই ঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রিটেনশন শেষ, এখন নিলামের যুদ্ধক্ষেত্রে নামার পালা। ১৩৫৫ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন এই নিলামে, আর ৪৫ জন খেলোয়াড় দাঁড়িয়ে আছেন ২ কোটি বেস প্রাইসের প্রিমিয়াম সারিতে। কিন্তু এই ভিড়ের মাঝেও চারটি নাম জ্বলজ্বল করছে,যাঁরা হয়ে উঠতে পারেন ২০২৬ মৌসুমের সবচেয়ে দামী খেলোয়াড়।

ক্যামেরন গ্রিন

প্রথম আসবে ক্যামেরন গ্রিনের নাম। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে নিয়ে নিলামের টেবিলে যে কাড়াকাড়ি লাগবে সেটা আগে থেকেই অনুমান করা যায়। মুম্বাইকে প্লে-অফে তোলা, ব্যাটে–বলে পারফরম্যান্স, আরসিবির হয়ে ভয়ংকর সব ইনিংস, গ্রিনের আইপিএল রেকর্ডই বলে দেয়, তিনি কেন নিলামের শীর্ষ তালিকায়। ৪১.৫৯ গড়ে ৭০৭ রান, স্ট্রাইক রেটও ১৫৩.৭০, এই সংখ্যাগুলোই তাঁকে আলাদা করেছে সবার চেয়ে।

ভেঙ্কটেশ আইয়ার

লোকাল প্লেয়ারদের মধ্যে ভেঙ্কটেশ আইয়ার চাহিদাসম্পন্ন তারকাই বটে। আইপিএলে ১৪৬৮ রান, স্ট্রাইক রেট ১৩৭-এর উপরে, আর সবচেয়ে বড় কথা—তিন নম্বরে তাঁর রূপটাই সবচেয়ে ভয়ংকর। এখানে করেছেন ৫৬২ রান, গড় ৪৩.২৩, স্ট্রাইক রেট ১৬৮.৭৭। রাজস্থান নিতীশ রানাকে ছেড়ে দিয়েছে, দিল্লি খুঁজছে স্টেবল টপ অর্ডার, কলকাতাও নিশ্চয় ধরে রাখতে চাইবে তাঁকে, সব হিসাব মিলিয়ে আইয়ার হয়ে উঠতে পারেন দেশি খেলোয়াড় ক্যাটাগরিতে নিলামের অন্যতম সেরা আকর্ষণ।

লিয়াম লিভিংস্টোন

ইংল্যান্ড তারকা লিয়াম লিভিংস্টোনকে নিয়েও নিলামে বেশ বড় রকমের দরকষাকষি হতে পারে। ব্যাট হাতে ঝড় তুলতে পারেন, প্রয়োজনে বল হাতেও পালন করতে পারেন কার্যকর ভূমিকা। সাম্প্রতিক সময়ে ফর্মটাও বেশ দারুণ। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে ১৬ ম্যাচ খেলে করেছেন ৫৭১ রান, গড় ৫১-এর উপরে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত লিয়ামের স্ট্রাইক রেটটাও ১৬৮.৯। এখানেই শেষ নয়—নামের পাশে আছে ১৩টি উইকেটও। তাই তো আসন্ন নিলামে তিনিই হতে পারেন হটকেক।

ওয়ানিন্দু হাসারাঙ্গা

একে তো লেগ-স্পিনার, তার উপর ব্যাট হাতেও তুলতে পারেন ঝড়। সব মিলিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো প্যাকেজকে যে কেউ দলে ভেড়াতে চাইবে। ইতিমধ্যেই আইপিএলের মঞ্চে ৩৭ ম্যাচের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। গত আসরেও শিকার করেছেন ১১ উইকেট। তাই তো নিলামে হাসারাঙ্গাও থাকবেন চাহিদার শীর্ষে।

Share via
Copy link