১৭৬ রানের লক্ষ্যে নেমে ৭৪ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। হার্দিক পান্ডিয়ার ব্যাটিং ঝড়ের পর, বোলারদের একচেটিয়া দাপটে একেবারে লজ্জার সাগরে ডুবল প্রোটিয়ারা। হারের ব্যবধানটা ১০১।
এদিন দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণে ব্যাটিংয়ে আসে ভারত। শুভমন গিল ব্যর্থ হলেন আবারও, সুরিয়াকুমারও পারেননি হাল ধরতে। ১৭ রানে দুজনকে হারিয়ে কিছুটা বিপাকেই পড়ে ভারত। আর তা চরম পর্যায়ে পৌঁছায় যখন অভিষেক শর্মাও ফিরে যান মাত্র ১৭ রান করেই।
একটা আশঙ্কার মেঘ ঘণীভূত হয় ভারতের আকাশে। টি-টোয়েন্টির শুরুটা কি হার দিয়েই হবে? এমন প্রশ্ন যখন সবার মনে তখনই হার্দিক পান্ডিয়ার ঝড় শুরু। অন্যদের ব্যর্থতায় জ্বলে উঠলেন আপন আলোতে। ২৮ বলে ৫৯ রানের এক টর্নেডো ইনিংস খেলে ভারতের স্কোরবোর্ডে নিয়ে এলেন ১৭৫ রানের সংগ্রহ।

জবাবে ব্যাট করতে নামা আফ্রিকাকে শুরুতেই গুড়িয়ে দেন আর্শদ্বীপ সিং। ০ রানেই ফিরতে হয় অভিজ্ঞ কুইন্টন ডি কককে। পরের ওভারে এসে তুলে নেন ট্রিস্টান স্টাবসকে। ব্যস, ওখানেই শেষ হয়ে যায় আফ্রিকার সম্ভাবনা।
এরপর স্রেফ প্রোটিয়া ব্যাটারদের নিয়ে ছেলেখেলা করে ভারতের বোলিং লাইনআপ। আর্শদ্বীপ, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী এবং হার্দিক পান্ডিয়া নেন দুটি করে উইকেট। বাকিরা ভাগাভাগি করেন একটি করে। আর তাতেই মাত্র ৭৪ রানে গুটিয়ে যায় আফ্রিকা।
ঘরের মাঠে নিজেদের দাপট দেখাল ভারত। ১০১ রানের বিশাল হারের ক্ষতটা নিশ্চয়ই প্রোটিয়া শিবির মনে রাখবে দীর্ঘদিন।












