লজ্জার সাগরে পাকিস্তান!

ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে হোয়াইটওয়াশের লজ্জা পেল বাবর আজমের পাকিস্তান। শেষ টেস্টে যতটুকু সম্ভাবনা ছিল, শেষমেশ সেটা হাওয়ায় মিলিয়ে গেল। জো রুট এবং জর্ডান কক্সের জোড়া ফিফটিতে ভর করে আট উইকেটের বিশাল ব্যবধানে জিতল ইংল্যান্ড। পাকিস্তানের সান্ত্বনা, এই ম্যাচটা ইনিংস ব্যবধানে হারতে হলো না।

ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে হোয়াইটওয়াশের লজ্জা পেল বাবর আজমের পাকিস্তান। শেষ টেস্টে যতটুকু সম্ভাবনা ছিল, শেষমেশ সেটা হাওয়ায় মিলিয়ে গেল। জো রুট এবং জর্ডান কক্সের জোড়া ফিফটিতে ভর করে আট উইকেটের বিশাল ব্যবধানে জিতল ইংল্যান্ড। পাকিস্তানের সান্ত্বনা, এই ম্যাচটা ইনিংস ব্যবধানে হারতে হলো না।

ভয়াবহ ব্যাটিং বিপর্যয় শুরু থেকেই লেগে ছিল পাকিস্তানের সঙ্গে। আগের দুই টেস্টেও তার খেসারত দিতে হয়েছে। এই টেস্টই বা বাদ যাবে কেন! ইংল্যান্ডের আমন্ত্রণে ব্যাট করতে নেমে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। এক সৌদ শাকিলের ৪৩ রান ছাড়া কেউই পারেননি বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে।

এর জবাবে ইংল্যান্ড অবশ্য ব্যাট হাতে রানের পাহাড়ই গড়ে। পাঁচ ব্যাটারের ফিফটির সুবাদে ৪৫৩ রান তোলে ইংল্যান্ড। বড় রানে পিছিয়ে থেকে পাকিস্তানের সম্ভাবনা তখনই শেষ হয়ে যায়। সেই সঙ্গে আশঙ্কা জেঁকে বসে, আরও একবার ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডুববে না তো পাকিস্তান!

রানের খাতা খোলার আগেই প্রথম ওভারে দুই উইকেট হারিয়ে বসে পাকিস্তান। এরপর যে আর ঘুরে দাঁড়ানোর উপায় নেই, তা অনেকেই ধরে নেয়। সেখান থেকে ত্রাতা হয়ে আসেন বাবর আজম এবং শান মাসুদ। বাবরের ব্যাট থেকে আসা ৭৬ রান, আর মাসুদের ৯৫ তে ভর করে ইনিংস ব্যবধানে হার এড়ানোর কাছাকাছি চলে যায় পাকিস্তান। তবে এরপর নায়ক রূপে আবির্ভূত হন রাজাউল্লাহ।

প্রথম ইনিংসে ব্যাট হাতে চার উইকেট সংগ্রহ করে অভিষেক রাঙিয়েছেন। তবে ব্যাট হাতে যে তিনি ৮১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলবেন, কেউ তা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। ওটাই মূলত পাকিস্তানকে ১২৯ রানের লিড এনে দেয়। লড়াই করার মতো সামান্য হলেও পুঁজি পায় বোলাররা।

দুই রানেই দুই উইকেট নেই, রান তাড়া করতে নেমে এমন বিপর্যয়ের মুখেই পড়ে ইংল্যান্ড। তবে কি পাকিস্তান এই ম্যাচে কিছু একটা করে বসবে, এমন ভাবনা যখন ডালপালা মেলেছে, তখনই জো রুটের দৃঢ় ব্যাট ঢাল হয়ে দাঁড়িয়েছে। কক্সের সঙ্গে ১২৮ রানের অপরাজিত জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের প্রান্তে। পাকিস্তানের জন্য স্রেফ অসহায়ত্ব পড়ে থাকে শেষপর্যন্ত। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবে বাবর আজমের দল।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link