ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত। বোলিং প্রান্তে নাসুম আহমেদ, শেখ মেহেদীরা দাঁড়িয়ে আছেন। এসব চেনা দৃশ্য। তবে এর মাঝে একটা জিনিস কিছুটা অচেনা লাগতে পারে। সেটা প্র্যাকটিস কিট। ভিন্ন এক জার্সি গায়ে চাপিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি সারছে বাংলাদেশ দল।
আপাতত আন্তর্জাতিক ব্যস্ততা নেই বাংলাদেশ দলের। যা কিছু সেটা এশিয়ান গেমস নিয়েই। আগামী ২৯ সেপ্টেম্বর নিজেদের প্রথম খেলায় মাঠে নামবে দল। অবশ্য এশিয়ান গেমসের সূচনা আগেই হচ্ছে, তবে বাংলাদেশ সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে।

এবার কিছুটা প্রতিযোগিতার গন্ধ পাওয়া যাচ্ছে। ভারত টি-টোয়েন্টিতে নিজের সবচেয়ে সেরা দলটাই পাঠাবে এশিয়ান গেমসে। বাংলাদেশও সেই পথেই হেঁটেছে। একেবারে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামার প্রস্তুতি চলছে। পিছিয়ে নেই পাকিস্তানও। শক্তিমত্তার বিচারে লড়াই যে বেশ জাঁকজমকপূর্ণ হবে, তা তো অনুমান করাই যায়।
তাই তো কোনো ফাঁকফোকর রাখার সুযোগ নেই। শান্তকে দলে ভেড়ানো হয়েছে, লিটন দাস, মুস্তাফিজুর রহমানও ঝালিয়ে নিচ্ছেন নিজেদের। কাউন্টি থেকে হাসান মাহমুদকে ফিরিয়ে আনা হয়েছে এশিয়ান গেমসের জন্য। নেটে নাসুম, মেহেদীদের বিপক্ষে বড় বড় সব শটের পসরা সাজাচ্ছেন শান্ত, তানজিদ তামিমরা। মোটকথা নতুন পোশাকে বাংলাদেশ বেজায় সিরিয়াস। বড় কিছুর স্বপ্ন নিয়েই যে বাংলাদেশ পা রাখবে এশিয়ান গেমসে, তা এই অনুশীলন দেখলেই ঠাওর করা যায়।











