লিওনেল আন্দ্রেস মেসি চলে গেছেন। সঙ্গে আর্জেন্টিনা ফুটবলে শেষ হয়েছে এক দীর্ঘ অধ্যায়। এখন তাই নতুন প্রশ্ন, মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি এবার কার গায়ে উঠবে?
২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোলের অবিশ্বাস্য অধ্যায় শেষ হয়েছে সেখানেই। ২০০৯ সাল থেকে যে ১০ নম্বর জার্সি হয়ে উঠেছিল মেসির পরিচয়েরই আরেক নাম, সেটিই এখন নতুন মালিকের অপেক্ষায়।
সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় আছেন দুজন। নিকো পাজ ও ফ্রাঙ্কো মাস্তানতুনো। মজার ব্যাপার, দুজনের বর্তমান ঠিকানাই রিয়াল মাদ্রিদ।

২১ বছর বয়সী নিকো পাজের জন্ম স্পেনের তেনেরিফেতে। তার বাবা পাবলো পাজ আর্জেন্টিনার হয়ে ১৯৯৮ বিশ্বকাপে খেলেছেন। স্পেনে জন্ম হলেও বাবার দেশকেই বেছে নিয়েছেন পাজ। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠার পর ২০২৪ সালে মূল দলেও অভিষেক হয় তার। পরে নিয়মিত খেলার সুযোগের জন্য ইতালির কোমোতে যোগ দেন।
সেখানেই নিজের সামর্থ্যের বড় প্রমাণ দিয়েছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। গত মৌসুমে কোমোর হয়ে ১৩ গোলের পাশাপাশি করেছেন সাতটি অ্যাসিস্ট। চলতি মৌসুমের শুরুতেও ছন্দ ধরে রেখেছেন। চ্যাম্পিয়নস লিগে রেড বুল লাইপজিগের বিপক্ষে কোমোর ৪-১ গোলের জয়ে দুটি গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি।
পাজের সবচেয়ে বড় শক্তি হলো মাঝমাঠ থেকে খেলার নিয়ন্ত্রণ নেওয়া। গতি বাড়ানো-কমানো, শেষ পাস দেওয়া কিংবা আক্রমণের সূচনা, সবকিছুতেই তাঁর স্বাচ্ছন্দ উপস্থিতি। মেসির সরাসরি বিকল্প না হলেও আর্জেন্টিনার আক্রমণভাগকে নতুনভাবে সাজাতে পাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তবে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আরও এক তরুণ-ফ্রাঙ্কো মাস্তানতুনো। তাঁর বয়স মাত্র ১৯। রিভার প্লেট থেকে তাকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ভবিষ্যতের কথা মাথায় রেখে নিয়মিত খেলার সুযোগ দিতে তাকে ধারে পাঠানো হয়েছে ফিওরেন্তিনায়। আর সেখানেই নিজের নামটা আরও জোরালোভাবে সামনে এনেছেন মাস্তানতুনো।
ডানপ্রান্তে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করা এই তরুণের মূল অস্ত্র গতি, ড্রিবলিং আর সরাসরি আক্রমণ। ভেনেজিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিমধ্যেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। ম্যাচের প্রথমার্ধেই মাত্র দুই মিনিটের ব্যবধানে করেছিলেন দুটি গোল।
দু’জনের খেলার ধরণ একেবারেই আলাদা। আর সেটাই হয়তো আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় সুবিধা। পাজ মাঝমাঠ থেকে আক্রমণ সাজাতে পারেন, মাস্তানতুনো ডানপ্রান্ত দিয়ে সেই আক্রমণে ধার বাড়াতে পারেন। অর্থাৎ মেসির জায়গা একজনকে দিয়ে পূরণ করার চিন্তা না করে দুজনকে একসঙ্গে ব্যবহার করার পথও খোলা আছে লিওনেল স্ক্যালোনির সামনে।

তাই মেসির ১০ নম্বর জার্সি শেষ পর্যন্ত কার গায়ে উঠবে, সেটি এখনই বলা কঠিন। আপাতত দৌড়ে নিকো পাজ কিছুটা এগিয়ে থাকলেও ফ্রাঙ্কো মাস্তানতুনোও খুব বেশি পিছিয়ে নেই।
একজনের বয়স ২১, অন্যজনের ১৯। দুজনের ঠিকানাই রিয়াল মাদ্রিদ। আর দুজনের সামনেই এখন আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে কঠিন প্রশ্ন, কে নিতে পারবেন খোদ লিওনেল মেসির জায়গা?











