সময়টা ২০০৫। সাদা পোশাকের ক্রিকেটে তখনও তরুণ এক পেসারের স্বপ্ন বোনা চলছে। নাম তাঁর জেমস অ্যান্ডারসন। সুইং, সিম আর নিখুঁত লাইনে ব্যাটারদের নাচিয়ে তোলার এক শুরু তখনই। সেই বছরই তিনি আউট করেছিলেন এক ব্যাটারকে, নাম ডেভিড সেলস। কেউ কি তখন ভেবেছিল, এই গল্পের একটা দ্বিতীয় অধ্যায় লেখা হবে? সেটা কি, চলুন জেনে নিই।
সময় বয়ে গেছে। বদলেছে ক্রিকেট, বদলেছে প্রজন্ম, বদলেছে ব্যাটারদের ধরণ। কিন্তু বদলায়নি একটা জিনিস, সেটি অ্যান্ডারসনের জাদু। ২০২৬ সাল। প্রায় ২১ বছর পর আবার সেই একই গল্প, তবে ভিন্ন চরিত্রে। এবার উইকেটের অপর প্রান্তে দাঁড়িয়ে জেমস সেলস, যিনি ডেভিড সেলসের ছেলে। যে কিনা মাত্র ২ বছর বয়সী ছিল, যখন তার বাবাকে আউট করেছিলেন অ্যান্ডারসন!
সেই শিশু বড় হয়েছে। নিজেকে ক্রিকেটার হিসেবেই গড়ে তুলেছে। সেই ছেলেই দাঁড়াল অ্যান্ডারসনের সামনে ব্যাট হাতে। আর সেখানেই ইতিহাস যেন নিজের চক্র সম্পূর্ণ করল, অ্যান্ডারসনের বলেই থামল জেমস সেলসের ইনিংস।

এ যেন শুধু একটা উইকেট নয়, সময়কে হার মানানোর গল্প। ক্রিকেটে অনেক রেকর্ড হয়, অনেক কীর্তি গড়ে ওঠে। কিন্তু এমন ঘটনা? যেখানে একজন বোলার একই পরিবারের দুই প্রজন্মকে আউট করেন, এটা সত্যিই বিরল, প্রায় অবিশ্বাস্য।
এই ঘটনাটা , ক্রিকেটের আবেগে গেঁথে থাকবে বহুদিন। কারণ এখানে আছে সময়ের দূরত্ব, প্রজন্মের পরিবর্তন, আর এক অবিচল নাম, জেমস অ্যান্ডারসন। ৪০ পেরিয়েও যিনি এখনও বল হাতে আগুন ঝরান। যিনি প্রমাণ করে চলেছেন, বয়স শুধু সংখ্যা, দক্ষতা আর নিবেদনই আসল শক্তি।
ক্রিকেট যখন দ্রুততার খেলা হয়ে উঠছে, তখন অ্যান্ডারসন যেন এক জীবন্ত ক্লাসরুম, যেখানে শেখানো হয় ধৈর্য, নিয়ন্ত্রণ আর শিল্প। ডেভিড সেলস থেকে জেমস সেলস এই দুই প্রজন্মের মাঝখানে দাঁড়িয়ে একটাই নাম, একটাই গল্প, অ্যান্ডারসন, দ্য টাইমলেস ম্যাজিশিয়ান।












