ইডেন গার্ডেনসের মেঘলা আকাশ আর বৃষ্টির ঝাপটা হয়তো কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) এক পয়েন্ট এনে দিয়েছে, কিন্তু কোটি টাকার বাজি ক্যামেরন গ্রিনকে নিয়ে ওঠা ঝড়ের ঝাপটা থেকে বাঁচাতে পারল না। ২৫.২০ কোটি টাকার আকাশচুম্বী মূল্যে দলে আসা এই অজি তারকা যেন নিজের নামের ভারেই নুয়ে পড়ছেন।
প্রথম দুই ম্যাচের পর হারের বৃত্ত থেকে বের হতে যখন দলের কান্ডারি হওয়ার কথা তখনই আবারও ব্যর্থতার পরিচয় দিলেন গ্রিন। তার আগেই সাজঘরে ফিরেছেন ফিন অ্যালেনও। বড় অঙ্কের চুক্তিতে আসা এই দুই বিদেশি তারকার দ্রুত বিদায়ে কেকেআর যখন খাদের কিনারায়, ঠিক তখনই বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে আসে।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগ হলেও, গ্রিনের পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। আসরের শুরু ম্যাচ থেকে সর্বোচ্চ মূল্যের বিদেশি খেলোয়াড় হিসেবে বাড়তি নজর ছিল গ্রিনের ওপর। কিন্তু মাঠে যেন সেই মূল্যের ছিটেফোঁটাটাও দেখাতে পারছেন না এই অলরাউন্ডার। এক ম্যাচেও বল হাতে নিতে না পারা গ্রিনের ব্যাট থেকে তিন ম্যাচে এসেছে মোটে ২৪ রান।

গ্রিনের এই ফ্লপ শো নিয়ে কঠোর সমালোচনা করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি কেভিন পিটারসেন। জিওহটস্টারে আলোচনার সময় তিনি সাফ জানিয়ে দেন, গ্রিনকে তিন নম্বরে নম্বরে খেলানো কেকেআরের ভুল সিদ্ধান্ত।
তিনি বলেন, ‘আমার মনে হয় না তিন নম্বরে ব্যাটিং করার জন্য সে যথেষ্ট ভালো। হ্যাঁ, আমি তার পারফরম্যান্স দেখেছি, কয়েক বছর আগে মুম্বাইতে সে একটি সেঞ্চুরি করেছিল। কিন্তু তিন নম্বরে ব্যাটিং করার বা সেই দায়িত্ব নেওয়ার মতো যথেষ্ট পারফরম্যান্স আমি ক্যামেরন গ্রিনের কাছ থেকে কখনোই দেখিনি।’
ভারতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটার এবং অভিজ্ঞ কোচ সঞ্জয় বাঙ্গার গ্রিনের বদলে রোভম্যান পাওয়েলকে খেলানোর পক্ষে মত দিয়েছেন। তার মতে, বিদেশি কোটায় এমন কাউকে নেওয়া উচিত যারা নির্দিষ্ট কোনো ফরম্যাটে বিশেষজ্ঞ।

মাঠের পারফরম্যান্স নয়, বরং ব্যাংক ব্যালেন্সই কি তবে গ্রিনের একাদশে থাকার মূল মাপকাঠি? কেকেআর ম্যানেজমেন্ট এখন এক অদ্ভুত মনস্তাত্ত্বিক জালে বন্দী। ২৫ কোটি টাকার বিনিয়োগকে বেঞ্চে বসিয়ে রাখার সাহস দেখালে যে খোদ ফ্র্যাঞ্চাইজির ব্যর্থতাই প্রকট হয়ে উঠবে।











