আনকোরা নিউজিল্যান্ডের সামনেই অসহায় বাংলাদেশ!

দ্বিতীয় সারির একটা দল পাঠিয়েছে নিউজিল্যান্ড, তাদের সামনে ঘরের মাঠে নাস্তানাবুদ হলো বাংলাদেশ। সঙ্গী হলো ২৬ রানের পরাজয়, ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হলো মেহেদী হাসান মিরাজদের।

দ্বিতীয় সারির একটা দল পাঠিয়েছে নিউজিল্যান্ড, তাদের সামনে ঘরের মাঠে নাস্তানাবুদ হলো বাংলাদেশ। সঙ্গী হলো ২৬ রানের পরাজয়, ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হলো মেহেদী হাসান মিরাজদের।

এদিন টস জিতে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। তবে শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। মাত্র সাত রান করেই ফেরেন কিউই ওপেনার নিক কেলি। শরিফুল ইসলামের আগুনঝরা বোলিং কোনঠাসা করে ফেলে সফরকারীদের।

তবে, অন্য প্রান্তে হাল ধরেন হেনরি নিকোলস। নয় চারের সাহায্যে তুলে নেন অর্ধশতক। রিশাদ হোসেনের বলে আউট হওয়ার আগে খেলেন ৬৮ রানের কার্যকরী ইনিংস।

দুর্দান্ত এক ফিফটি তুলে নেন ডিন ফক্সক্রফট। ৫৯ রান করেন ৫৮ বলে। শরিফুল ইসলাম, রিশাদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে না পারলেও নিউজিল্যান্ড ইনিংস শেষ করে আট উইকেটে ২৪৭ রান তুলে।

তাড়া করতে নেমে শুরুতেই তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। মাত্র দুই রান করা এই ওপেনারের দেখানো পথে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। শঙ্কা জাগে ম্যাচখানা হাতছাড়া হয়ে যাওয়ার। সেখান থেকেই সাইফ হাসানকে সঙ্গে নিয়ে হাল ধরেন লিটন দাস। দুজনের ব্যাট থেকে আসে ৯৩ রানের জুটি। সাইফ ফিফটি তুলেই ফিরে যান, তবে লিটন কাটা পড়েন চল্লিশের ঘরেই।

পরের গল্পটা তাওহীদ হৃদয়ের। আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের আশার পালে হাওয়া দেন। তবে আফিফ ফিরে যেতেই বাংলাদেশের সম্ভাবনা কমে আসতে থাকে। মিরাজ-রিশাদরা ব্যর্থ হলে চালকের আসনে বসে নিউজিল্যান্ড।

সঙ্গীহীন এক লড়াই চালান হৃদয়। তবে দিনশেষে কাজের কাজ হয়নি। হৃদয়ের ব্যাট থেকে আসা ৫৫ রান কেবলই ব্যবধান কমিয়েছে। বাংলাদেশের ইনিংস থেমেছে ২২১ রানে। আনকোরা নিউজিল্যান্ড প্রথম ম্যাচ জিতেই বসেছে চালকের আসনে।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link