পাপমোচন করলেন ডেভিড মিলার। গুজরাট টাইটান্সের সাথে করা ভুলের পুনরাবৃত্তি হতে দিলেন না আর। রাজকীয় মেজাজে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সামনে থেকে ছিনিয়ে আনলেন জয়।
শেষ ওভারে জিততে দরকার ছিল ১৫ রান। গুজরাট ম্যাচের সিনারিওই যেন ভেসে উঠছিল। সেবার এই মিলারই একা হাতে ম্যাচ টেনে এনেছিলেন, তবে শেষটাতে সিঙ্গেল না নেওয়ার মাশুল গুনতে হয়েছিল তাঁকে। নায়ক থেকে বনে গিয়েছিলেন খলনায়ক।

শেষ ওভারে প্রথম বলটা যখন ব্যাটে-বলে লাগাতে ব্যর্থ হলেন, তখনই যেন পুরনো ক্ষতচিহ্ন ঝলসে উঠল আবারও। অবশ্য সিঙ্গেল নিয়েছিলেন, পরের বলেই ট্রিস্টান স্টাবস মিলারের নিকট ফিরিয়ে দেন স্ট্রাইক। নায়কোচিত ইনিংস খেলার একটা সুযোগ হাতে চলে আসে মিলারের। বাকিটা এক গৌরবজ্জ্বল ইতিহাস।
তৃতীয় বলে ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে মারলেন রোমারিও শেফার্ডকে। সমীকরণ দাঁড়ালো তিন বলে সাত। পরের বলটাকেও উড়িয়ে মারলেন বাউন্ডারির ওপারে। আর শেষটাতে বিদ্যুৎগতিতে বলকে সীমানা ছাড়া করে জয়ের মুকুট মাথায় পরে নিলেন মিলার।

আরসিবির দেওয়া লক্ষ্যটা ছিল ১৭৬ রান। শ্বাসরুদ্ধকর ম্যাচে নানা নাটকীয়তা শেষে সেটা পার করে ফেলল দিল্লি। ১০ বলে ২২ রানের ম্যাচ-উইনিং নক খেলে মিলার বলে গেলেন, ভুল একবারই হয়, বারবার নয়।











