আলি রাজার গতিতে পিএসএল কাঁপছে!

হাসান আলির স্টাম্প উপড়ে নেওয়া যে বলটা আলি রাজা করলেন, গতি পরিমাপক যন্ত্রে ভেসে উঠল ১৪৯.১ সংখ্যাটা। এর আগে টানা দুই বলে দুই উইকেট তুলেছেন, অর্থাৎ পাকিস্তান সুপার লিগের ২০২৬ আসরে আলি রাজা তুলে নিয়েছেন প্রথম হ্যাটট্রিক।

হাসান আলির স্টাম্প উপড়ে নেওয়া যে বলটা আলি রাজা করলেন, গতি পরিমাপক যন্ত্রে ভেসে উঠল ১৪৯.১ সংখ্যাটা। এর আগে টানা দুই বলে দুই উইকেট তুলেছেন, অর্থাৎ পাকিস্তান সুপার লিগের ২০২৬ আসরে আলি রাজা তুলে নিয়েছেন প্রথম হ্যাটট্রিক। সেই সাথে একটা নীরব বার্তাও দিয়ে গেলেন, এসেছে নতুন বারুদ।

করাচি কিংসের ইনিংসের শেষ ওভার। বাবর আজম বল তুলে দিয়েছেন আলি রাজার হাতে। তিন ওভারে ২৮ রানের বিনিময়ে এক উইকেট তখন পরিসংখ্যান। তবে শেষ ওভারের শুরুটা হলো একেবারে দুঃস্বপ্নের মতো। প্রথম বলেই আব্বাস আফ্রিদির কাছে হজম করতে হলো চার। পরেরটা সিঙ্গেলে পার পেলেও তৃতীয় নম্বর বলে খুশদিল শাহ হাঁকান বিশাল এক ছক্কা। ওটাই যেন তাতিয়ে তুলল আলিকে।

চতুর্থ বলে ওয়াইড করে বসলেন। তবে রান আউটে কাটা পড়লেন মইন আলি। স্ট্রাইকে ঠিকই থেকে গেলেন খুশদিল। তবে পরের ১৪৬.৬ কিলোমিটার গতির বলটার চাপ সামলাতে বোধহয় হিমশিম খেলেন। হিট উইকেট হয়ে ফিরতে হলো তাঁকে। মধুর এক প্রতিশোধ তুলে নিলেন আলি।

তবে সেটা যে কেবল শুরু, শাহিদ আজিজের স্টাম্প উড়িয়ে দিলেন পরের বলে। মাথায় যেন তখন নেশা চড়েছে, ব্যাটারদের স্টাম্প ভাঙার নেশা। ইনিংসের শেষ বল, স্ট্রাইকে হাসান, প্রায় ১৫০ কিলোমিটার গতি ছুঁইছুঁই বল সোজা আছড়ে পড়ল স্টাম্পে। তাতেই ষোলকলা পূর্ণ হলো।

পাকিস্তান ক্রিকেটের আলোচনায় তিনি আছেন গত পিএসএল থেকেই। ১৭ বছরের ছেলেটা সেবার গতির ঝড় তুলে তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে। এরপর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দেখা গেছে তাঁর পদচারণা। এবারও নিজের নাম জাহির করে যাচ্ছেন পিএসএলের মঞ্চে। ১৮ বছরের একটা ছোকরা বল করছে বুলেট গতিতে, জানান দিচ্ছে পাকিস্তান পেতে যাচ্ছে পেস আক্রমণের নতুন রাজা, নাম তাঁর আলি রাজা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link