২৬ বল বাকি রেখে এক উইকেটের জয়! টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এমন রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য রেকর্ড আগে কখনো দেখেনি বিশ্ব। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা কোয়ালিফায়ারে পর্তুগালের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল ক্যামেরুন। সিয়েরা লিওনের দেওয়া মাত্র ৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৈরি হলো এই নাটকীয় মহাকাব্য।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ক্যামেরুনের জুলিয়েন আবেগার বোলিং তোপে পড়ে সিয়েরা লিওন। ম্যাচের প্রথম বলেই ওপেনারকে বোল্ড করে ধ্বংসযজ্ঞের সূচনা করেন আবেগা। মাত্র ২২ রানে তিন উইকেট হারানো সিয়েরা লিওন শেষ পর্যন্ত ৬৪ রানে অল-আউট হয়। দলের মাত্র একজন ব্যাটার দুই অঙ্কের রান ছোঁন। ২৪ রান দিয়ে পাঁচটি উইকেট নেন আবেগা।
৬৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ক্যামেরুন পড়ে চরম বিপর্যয়ে। সিয়েরা লিওনের বোলার স্যামুয়েল কন্তের আগুনে বোলিংয়ে ক্যামেরুনের প্রথম তিন ব্যাটারই রানের খাতা খোলার আগে বিদায় নেন। মাত্র এক রানে তিন উইকেট হারায় দলটি।

এরপর দিপ্ত লোইক ও ভেরন বোমনুইয়ের ৩৬ রানের জুটি ক্যামেরুনকে ম্যাচে ফেরায়। কিন্তু লোইক আউট হতেই আবার ধস নামে। ৩৭ রান থেকে মুহূর্তেই ৪২ রানে ছয় উইকেটে পরিণত হয় ক্যামেরুন। শেষ দিকে কন্তে আবারও তিন বলের ব্যবধানে দুই উইকেট তুলে নিলে ম্যাচ রূপ নেয় চরম স্নায়ুযুদ্ধে।
অবশেষে নয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ক্যামেরুন। জয়সূচক রান আসার সময়ও ক্যামেরুনের হাতে ২৬টি বল বাকি ছিল। বাকি থাকা বলের দিক থেকে পুরুষদের টি-টোয়েন্টিতে এটিই এখন সবচেয়ে বড় এক উইকেটের জয়।
২০১৯ সালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি মাত্র দ্বিতীয় ঘটনা, যেখানে একই ম্যাচে দুই দলের দুই বোলার পাঁচটি করে উইকেট শিকার করলেন। ক্যামেরুনের আবেগার পাঁচ উইকেটের বিপরীতে সিয়েরা লিওনের স্যামুয়েল কন্তেও ২৩ রানে তুলে নেন পাঁচটি উইকেট। কম রানের ম্যাচও যে কতটা রুদ্ধশ্বাস হতে পারে, এই ম্যাচ তারই প্রমাণ।












