উজবেকিস্তানের লড়াই ছাপিয়ে কলম্বিয়ার জয়

মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকায় উজবেকিস্তানকে ৩-১ গোলে পরাজিত করেছে নেস্টর লরেঞ্জোর দল।

বিশ্বকাপের মঞ্চে স্বপ্নের মতো এক জয় দিয়ে যাত্রা শুরু করল কলম্বিয়া। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় উজবেকিস্তানকে ৩-১ গোলে পরাজিত করেছে নেস্টর লরেঞ্জোর দল।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নামা উজবেকিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখায় কলম্বিয়া। খেলার প্রথমার্ধে জেসন লেরমার জাদুকরী এক ভার্টিক্যাল পাস থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতর দারুণ অ্যাক্রোব্যাটিক ভলিতে গোল করেন ড্যানিয়েল মুনোজ।

৪১ মিনিটের এই গোলটি কলম্বিয়াকে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে দেয়। ফলে প্রথমার্ধের বিরতিতে স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে দলটি।

​দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় উজবেকিস্তান। ৬০ মিনিটে তাদের সেই প্রচেষ্টা সফল হয়। এলডোর শোমুরোদভের বুদ্ধিদীপ্ত আক্রমণ থেকে বল গোলমুখে এলে তা থেকে হেডে জালে জড়িয়ে সমতা ফেরান আব্বসবেক ফয়জুল্লায়েভ। স্টেডিয়ামের গ্যালারিতে তখন উজবেক সমর্থকদের বাঁধভাঙা উল্লাস। কিন্তু তাদের সেই আনন্দ স্থায়ী হয়েছিল মাত্র পাঁচ মিনিটের জন্য।

৬৫ মিনিটে ফের কলম্বিয়াকে লিড এনে দেন বায়ার্ন তারকা লুইস দিয়াজ। বাম প্রান্ত দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ চিরে ভেতরে ঢুকে তিনি যে জোরালো শট নেন, তা উজবেকিস্তানের গোলরক্ষক ইউসুপভের হাত ফস্কে জালে জড়িয়ে যায়। ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর কলম্বিয়া নিজেদের রক্ষণভাগ আরও জমাট করে তোলে।

এডেড টাইমের শুরুর দিকে নাটকীয়তায় উজবেকিস্তান সমতায় ফেরার একদম কাছে চলে এসেছিল। ৯২ মিনিটে ফারুক সায়ফিয়েভের নিখুঁত ক্রস থেকে বক্সের ভেতর হেড করেছিলেন দোস্তনবেক খামদামভ, কিন্তু বলটি অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

​ম্যাচের একেবারে শেষ মুহূর্তে উজবেকিস্তান যখন মরিয়া হয়ে আক্রমণে ব্যস্ত, তখন পাল্টা আক্রমণে কলম্বিয়া ব্যবধান বাড়ায়। ৯৯ মিনিটে জামিন্টন কাম্পাজ হেডের মাধ্যমে বল জালে জড়ালে কলম্বিয়ার ৩-১ গোলের জয় নিশ্চিত হয়।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link