বিশ্বকাপে নিজেদের দুর্দান্ত যাত্রা অব্যাহত রেখেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্রায় ৩০ মিনিট দশজন নিয়ে খেলেও বসনিয়া ও হার্জেগোভিনাকে ২–০ গোলে হারিয়ে রাউন্ড অব ৩২ পেরিয়ে নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট।
প্রথমার্ধের যোগ করা সময়ে মালিক টিলম্যানের দারুণ পাস থেকে গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন ফোলারিন বালোগান। তবে দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে ভিএআরের সিদ্ধান্তে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বালোগান। একজন কম নিয়ে খেলতে হলেও ভেঙে পড়েনি স্বাগতিকরা।
ম্যাচে বলের দখল ও শটে এগিয়ে ছিল বসনিয়া ও হার্জেগোভিনা। কিন্তু সেই আধিপত্য কাজে লাগাতে পারেনি তারা। একজন বেশি খেলোয়াড় নিয়েও যুক্তরাষ্ট্রের শক্ত রক্ষণ ভাঙতে পুরোপুরি ব্যর্থ হয় বসনিয়ানরা।

উল্টো ৮২তম মিনিটে বক্সের বাইরে ফ্রি–কিক থেকে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলম্যান। শেষ পর্যন্ত ২–০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। লড়াকু এই জয় দিয়ে শেষ ষোলো নিশ্চিত করল স্বাগতিকরা, যেখানে তাদের অপেক্ষায় রয়েছে শক্তিশালী বেলজিয়াম।











