মাত্র ৭৬ রানে অলআউট ভারত। পরাজয়ের ব্যবধান ১২৫ রান। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতের ছন্দ যে পুরোপুরি হারিয়ে গেছে, ট্রেন্ট ব্রিজে তারই আরেকটি নির্মম প্রমাণ মিলল। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ না হারার নিশ্চয়তা পেয়ে গেছে ইংল্যান্ড।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সেটা যে কাজে আসবে না শুরু থেকেই তার আঁচ টের পাওয়া যাচ্ছিল। জশ বাটলার আর ফিল সল্ট মিলে তাণ্ডব চালালেন। বাটলার অল্পতে তুষ্ট হলেও সল্টের ব্যাট থেকে এলো ৭০ রান। শেষদিকে স্যাম কারানের ৪১ রানে ভর করে ইংল্যান্ড স্কোরবোর্ডে তোলে ২০১ রান।

২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যা ঘটল, তা ভারতীয় ক্রিকেট সমর্থকেরা মনে রাখতে চাইবেন না। ইনিংসের শুরু থেকেই জশ টাং ও জোফরা আর্চারের গতির সামনে দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটাররা। পাওয়ারপ্লে শেষ হতেই ভারতের স্কোরবোর্ডে ৫৪ রান, হারিয়ে ফেলেছে পাঁচটি উইকেট।
সেখান থেকে আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারত মাত্র ১১.৪ ওভারেই অলআউট হয়ে যায় ৭৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ১৩ রান করেন বৈভব সুরিয়াভানশি ও অভিষেক শর্মা। মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন, যা ভারতের ব্যাটিং ব্যর্থতার নির্মম চিত্র তুলে ধরে।
রান তাড়া করতে নেমে ১২৫ রানের এই পরাজয় ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার। আরও উদ্বেগের বিষয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর পাঁচ ম্যাচে এটি ভারতের চতুর্থ হার; বাকি একটি ম্যাচ ছিল পরিত্যক্ত।

Share via:










