বাংলাদেশের ব্যাটিং কোচ হচ্ছেন মোহাম্মদ ইউসুফ?

বাংলাদেশ ক্রিকেটে আবারও বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। একের পর এক কোচিং স্টাফে রদবদলের পর এবার জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে আলোচনায় উঠে এসেছে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের নাম।

একাধিক সূত্রের দাবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই ইউসুফের সঙ্গে আলোচনা শুরু করেছে। পুরো প্রক্রিয়াটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। পাকিস্তানের সাবেক এই স্পিনারই দুই পক্ষের মধ্যে যোগাযোগ করিয়ে দিচ্ছেন এবং ইউসুফকে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন।

মোহাম্মদ ইউসুফ শুধু পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানই নন, ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল টেস্ট ব্যাটারও। ২০০৬ সালে এক পঞ্জিকা বর্ষে ১ হাজার ৭৮৮ টেস্ট রান করে তিনি গড়েছিলেন বিশ্বরেকর্ড, যা আজও অক্ষত।

দীর্ঘ ক্যারিয়ারে তার ব্যাটিং ছিল ধৈর্য, টেকনিক ও ইনিংস গড়ার এক অনন্য উদাহরণ। তিন ফরম্যাট মিলিয়ে করেছেন ১৭ হাজারের বেশি রান। এর আগে তিনি পাকিস্তান দলেরও ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন। ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্যও।

বাংলাদেশের ব্যাটিং গত কয়েক বছর ধরেই ধারাবাহিকতার সংকটে ভুগছে। ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে না পারা, চাপের মুহূর্তে উইকেট বিলিয়ে দেওয়া কিংবা লম্বা সময় ক্রিজে টিকে থাকার অক্ষমতা—এসব দুর্বলতা বারবার সামনে এসেছে। জিম্বাবুয়ে সফরে সমস্যা আরও তীব্র হয়ে ওঠে।

সামনেই লম্বা বিরতির পর বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর। এমন বাস্তবতায় ইউসুফের মতো একজন ক্লাসিক ব্যাটসম্যানের অভিজ্ঞতা টাইগারদের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারে বলেই মনে করছে বিসিবি। যদিও, দলে ব্যাটি কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল আছেন। মোহাম্মদ ইউসুফ চলে আসলে আশরাফুলকে সহকারী কোচের দায়িত্ব দেওয়া হবে। মোহাম্মদ সালাহউদ্দিনকে এইচপির দায়িত্ব দেওয়ার পর এই জায়গাটা আপাতত ফাঁকাই আছে।

তবে, এখনও কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। আলোচনা চলছে, তবে সবকিছু ঠিকঠাক এগোলে খুব শিগগিরই মোহাম্মদ ইউসুফকে বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

Share via
Copy link