ইংলিশ মিডফিল্ডারদের চাহিদা বাড়ছে কেন

ধারাবাহিক পারফরম্যান্স আর সৃজনশীল খেলার জোরে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রিটিশ খেলোয়াড়দের ট্রান্সফার ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছেন দুই মিডফিল্ডার। একজন অ্যান্ডারসন, অপর জন রজার্স।

মাত্র ২৩ বছর বয়স। তবু ধারাবাহিক পারফরম্যান্স আর সৃজনশীল খেলার জোরে এই বয়সেই ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রিটিশ খেলোয়াড়দের ট্রান্সফার ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছেন দুই মিডফিল্ডার। একজন এলিয়ট অ্যান্ডারসন, অপর জন মরগান রজার্স।

১১৬ মিলিয়ন ইউরোতে অ্যান্ডারসন নটিংহ্যাম ফরেস্ট থেকে ম্যানচেস্টার সিটিতে নাম লিখিয়েছেন। আর রজার্স অ্যাস্টন ভিলা থেকে রেকর্ড ১১৭ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে গিয়েছেন চেলসিতে।

কিন্তু হঠাৎ ইংলিশ মিডফিল্ডারদের এই আকাশচুম্বী দামের রহস্য কী? বিশ্লেষকরা বলছেন, অ্যান্ডারসন কেবল একজন ফুটবলার নন। তিনি মাঝমাঠের এক ক্লান্তিহীন চরিত্র। গত মৌসুমে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি টাচ এবং ভাসমান বল জয়ের রেকর্ড তার দখলে। বিশ্বকাপের মঞ্চেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। সবশেষ বিশ্বকাপে আট ম্যাচে তার আটটি বড় সুযোগ তৈরি আর ৩৭৬টি লাইন-ব্রেকিং পাসই বলে দেয় তিনি কতটা ধারালো আক্রমণ গড়তে পারেন।

গল্পের অন্য পিঠে থাকা মরগান রজার্সও বহুমুখী প্রতিভাবান। গোল করা আর করানো, দুটোতেই তিনি সমান ওস্তাদ। অ্যাস্টন ভিলার হয়ে গত মৌসুমে ১৪ গোল আর ১২ অ্যাসিস্ট করে ইউরোপের অন্যতম কার্যকর খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি। প্রতিপক্ষের ডি-বক্সে তার নিয়মিত বিচরণ যে কোনো রক্ষণের জন্য বড় হুমকি।

মূলত আধুনিক ফুটবলের বদলে যাওয়া কৌশলে এখন মিডফিল্ডাররা বেশ মূল্যবান চরিত্রে পরিণত হয়েছেন। প্রিমিয়ার লিগে প্রথাগত ‘নাম্বার নাইন’ স্ট্রাইকারদের চেয়ে ক্লাবগুলো এখন সৃজনশীল মিডফিল্ডার খুঁজছে। বক্স থেকে বক্সে বলের নিয়ন্ত্রণ ধরে রাখা, কার্যকর আক্রমণ ও কাউন্টার অ্যাটাক গড়ে তোলার জন্য মিডফিল্ডারদের বিকল্প নেই। তাই ইংল্যান্ড ও ওয়েলসের একাডেমি থেকে উঠে আসা অ্যান্ডারসন ও রজার্সের মতো মিডফিল্ডারদের জন্য ক্লাবগুলো বড় অংকের অর্থ বিনিয়োগেও দ্বিধা করছে না।

তবে বিনিয়োগ বেড়েছে মানেই ক্লাবগুলো ফুটবলে আরও মনোযোগ দিয়েছে এমনটাও নয়। তাদের খরচ করার সামর্থ্য বাড়ায় খেলোয়াড়দের দাম বাড়ছে। মাঝমাঠের এই জয়জয়কার তাই নিছক জোয়ার নয়। বরং ফুটবলের ট্যাকটিক্স ও আধুনিক অর্থনীতির মেলবন্ধন। এর সঙ্গে ইংলিশ একাডেমিগুলোর সৃজনশীল মিডফিল্ডার গড়ে তোলার দক্ষতাই শাপে বর হয়ে উঠছে।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link