না, ইতিহাস লেখা হলো না জিম্বাবুয়ের। ট্রাই নেশনের ফাইনালে ৪৮ রানের পরাজয় মেনে নিতে হলো দক্ষিণ আফ্রিকার কাছে। ব্যাটে-বলে দাপটে প্রোটিয়া শিবির হাসল শেষ হাসি। ট্রফি উঁচিয়ে জানান দিল নিজেদের শ্রেষ্ঠত্বের।
ফাইনাল মহারণ, টস ভাগ্য সহায় হয় দক্ষিণ আফ্রিকার জন্য। ভালো উইকেট, আগে ব্যাট করে বড় স্কোরের প্রেসার ছুড়ে দেওয়াটাই যুক্তিযুক্ত সিদ্ধান্ত। আফ্রিকা সেটাই করল। ফলাফল, ওপেনিং জুটিতেই এলো ৮৪ রান। ২৯ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেললেন জর্ডান হারম্যান। বড় সংগ্রহের বীজ বপন হয়ে যায় সেখানেই।

বাকি পথ স্কোরটাকে টেনে নেওয়ার কাজে যোগ দেন ডেওয়াল্ড ব্রেভিস। ঝড়ের বদলে শান্তভাবে রান জমা করতে থাকেন বোর্ডে। ৩২ রানে যবনিকা পতন ঘটে তারও। শেষদিকে মার্কো ইয়ানসেনের ভাই ডুয়ান ইয়ানসেনের ক্যামিওতে ২০৫ রান স্কোরবোর্ডে তোলে প্রোটিয়া শিবির।
একে তো ফাইনালের চাপ, তার ওপর বড় লক্ষ্য তাড়া করতে হবে। এই চাপ সামলাতে গিয়ে শুরুতেই হোঁচট খেল জিম্বাবুয়ে। এক রানেই প্রথম উইকেটের পতন, ২৫-এ সেই সংখ্যাটা দাঁড়াল চার। এরপর আর জয়ের কোনো আশা বেঁচে থাকে না। তবে শেষ ভরসা হয়ে তখনও দাঁড়িয়ে ছিলেন সিকান্দার রাজা। ১৬ রান করে তিনি বিদায় নিলে কফিনের শেষ পেরেকটা ঠুকে যায়। ৮১ রানেই আট উইকেট হারায় জিম্বাবুয়ে।

শেষদিকে অবশ্য ব্রেড ইভানস ব্যবধান কমানোর প্রয়াস দেখান। ৩১ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। তবে সেটা জয়ের জন্য আর যথেষ্ট ছিল না। অগত্যা ১৫৭ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বল হাতে বিয়র্ন ফোর্টুইন এবং জনসন শিকার করেন তিনটি করে উইকেট। সেই সঙ্গে ট্রাই নেশন সিরিজের ট্রফিও হাতে ওঠে আফ্রিকার।










