অবশেষে ক্রিকেট বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর মহারণ আবার ফিরছে! দীর্ঘ প্রায় দেড় দশক পর কোনো আইসিসি বা এসিসি ইভেন্টের বাইরে সিরিজ খেলতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান! আরও চাঞ্চল্যকর তথ্য হল সেখানে, তৃতীয় দল হিসেবে থাকছে বাংলাদেশও।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোর পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (পিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মিলে ভারতের সাথে একটা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ব্যাপারে আইসিসি থেকে ছাড়পত্র আদায় করেছিল। সেই সময়ে অবশ্য আইসিসি সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি, কারণ সেখানে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ও ভারতীয় সরকারের মতামত জড়িত আছে।
তবে, এবার আইসিসির আসন্ন সভায় এমনই এক অবিশ্বাস্য প্রস্তাব উত্থাপিত হবার আভাস পাওয়া গেছে। আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইতে অনুষ্ঠিতব্য আইসিসির এক বৈঠকে এ নিয়ে আলোচনা করবেন বিশ্ব ক্রিকেটের নীতিনির্ধারকেরা।

ক্রিকেটপাড়ায় গুঞ্জন, এই সভাতেই ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় বা বহুদেশীয় টুর্নামেন্টের খসড়া প্রস্তাব উত্থাপন করা হতে পারে। আইসিসির পূর্ণ সদস্য ১২ টি দেশ ও আটটি সহযোগী দেশের অংশগ্রহণে এই এই বৈঠকেই আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম নির্ধারণ করা হবে।
দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন পুরোপুরি বন্ধ রয়েছে দেড় দশক ধরে। তাই সাধারণত আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত টুর্নামেন্টের বাইরে ভারত-পাকিস্তান মহারণ দেখার কোনো সুযোগ থাকে না ভক্তদের সামনে। গত বছর দুয়েক ধরে এই টানাপোড়েনে সামিল হয়েছে বাংলাদেশও।
সেই আঙ্গিক থেকে, এই নতুন বহুজাতিক টুর্নামেন্টের পরিকল্পনা ক্রিকেট বিশ্বের বর্তমান চিত্রটাকে এক ঝটকায় বদলে দিতে পারে। ভারত ও পাকিস্তান সবশেষ ২০১২-১৩ মৌসুমে নিজেদের মধ্যে তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলেছিল। অন্যদিকে, বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ এই মুহূর্তে কার্যত ঝুলেই আছে।

তিন দেশে মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচগুলো ঠিক কোথায় আয়োজিত হবে, তা নিয়েও রয়েছে বহু জল্পনা। ভূরাজনৈতিক ডামাডোলের ঝঞ্জাট এড়াতে উভয় দলই নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি হতে পারে। তাই ভেন্যু হিসেবে আলোচনায় আছে সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড কিংবার অস্ট্রেলিয়ার মাঠগুলো। এমনকি বাংলাদেশও আছে বিবেচনায়।
এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আইসিসির নীতিনির্ধারণী মহলে এই নতুন বহুজাতিক টুর্নামেন্ট নিয়ে শুরু হওয়া গুঞ্জনই ক্রিকেটপ্রেমীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। সিরিজটা খোদ আইসিসিই আয়োজন করতে যাচ্ছে, নাকি কোনো নির্দিষ্ট ক্রিকেট বোর্ড – সেই ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এমনকি উপমহাদেশের দলগুলো বাদেও আরও একটা বা দু’টো দল যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্যাট-বলের সেই চিরন্তন উত্তেজনা কি নতুন রূপে হাজির হচ্ছে দর্শকদের সামনে? উত্তরের জন্য সময়ের অপেক্ষা করতেই হচ্ছে।










