কেমন হতে পারে এশিয়ান গেমসে বাংলাদেশের একাদশ!

২০১০ সালে সোনা জিতেছিল বাংলাদেশ, ২০২৬ সালে এসে সেই স্মৃতি ফেরানোর সুযোগ আছে লিটন দাসের দলের সামনে।

এশিয়ান গেমসের ক্রিকেটে সোনা জয়ের লক্ষ্য নিয়ে জাপান যাচ্ছে বাংলাদেশ। এশিয়ার মহারথীরা সবাই দল সাজিয়েছে অভিজ্ঞ আর সিনিয়র ক্রিকেটারদের নিয়ে। বাংলাদেশও পিছিয়ে নেই। লিটন দাশের নেতৃত্বে  টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দলে ফিরিয়ে পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষনা করেছে বাংলাদেশ ! নিয়মিত একাদশ প্রায় অপরিবর্তিতই থাকার কথা। তবে একাদশ গোছাতে গিয়ে কয়েকটা জায়গায় ভাবতে হবে কোচ আর নির্বাচকদের।

ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গী হতে পারেন সাইফ হাসান। মিডল অর্ডারে একটা জায়গা নিয়ে অবশ্য আলোচনা হতেই পারে। সেখানে মোসাদ্দেক হোসেন সৈকত নাকি ইয়াসির আলী রাব্বি ? এই প্রশ্নের মুখোমুখি হতে পারে ম্যানেজমেন্ট।

এশিয়ান গেমসে রাব্বির অভিজ্ঞতা আছে, আগের আসরেও খেলেছেন তিনি। অন্যদিকে মোসাদ্দেক অলরাউন্ডার, ব্যাট আর বল দুই জায়গাতেই অবদান রাখতে পারেন। লম্বা সময় পর দলে ফিরে দুজনই সাম্প্রতিক সময়ে নিজেদের অভিজ্ঞতার প্রমাণ দিয়েছেন। তাই এই লড়াইটা সহজ হবে না।

পেস আক্রমণে শরিফুল ইসলাম আর মুস্তাফিজ এর জায়গা মোটামুটি নিশ্চিত। দারুণ ছন্দে থাকা এই দুই পেসারকে বাইরে রাখার সুযোগ নেই। বাকি থাকে সাইফউদ্দিন আর হাসান মাহমুদের মধ্যে বাছাই। ইংল্যান্ডে কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেট খেলে সদ্য দেশে ফেরা হাসান মাহমুদের সেই অভিজ্ঞতা এখানে এগিয়ে রাখতে পারে তাকে।

তিন পেসার নিয়ে খেলার সুযোগও থাকছে বাংলাদেশের সামনে। তবে যেখানে ম্যাচ অনুষ্ঠিত হবে অর্থ্যাত নাগোয়ার কোরোগি স্পোর্টস পার্ক সেই মাঠের উইকেট বানিয়েছেন গামিনি ডি সিলভা, যিনি দীর্ঘদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর ছিলেন। তার হাতে তৈরি পিচ স্পিন সহায়ক হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান আর মোসাদ্দেককে একসঙ্গে দলে রাখলে স্পিন আক্রমণও পোক্ত থাকবে, আবার তিন পেসার খেলানোর সুযোগও তৈরি হবে।

এভাবে সাজালে ব্যাটিং আর বোলিংয়ে ভারসাম্য থাকবে বাংলাদেশের। শেখ মেহেদী আর মোসাদ্দেক দুজনই ব্যাট-বল দুই জায়গাতেই চমক দেখানোর সামর্থ্য রাখেন। টপ অর্ডার শুরুতে ঝড়ো ইনিংস খেলে দলকে এগিয়ে দিতে পারলে বাকি কাজটা সারতে হবে মিডল অর্ডারকে, নিজেদের সেরাটা দিয়ে। আর দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভরসার জায়গা হয়ে থাকা বোলাররা তাদের অবদান দিয়ে এনে দিতে পারেন দারুণ কিছু।

সব মিলিয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link