বাংলাদেশের বোলিং কোচ হওয়ার দৌড়ে যাঁরা…

বিসিবি কি অ্যালান ডোনাল্ডের অভিজ্ঞতা অথবা উমর গুলের কৌশলী বোলিং ট্যাকটিক্সের দিকে ঝুঁকবে? নাকি নিজ দেশের তালহা জুবায়েরকে নিয়েই দীর্ঘমেয়াদে পরিকল্পনা সাজাবে বোর্ড? উত্তরটা সময়ই দিয়ে দেবে!

চলতি বছরে শন টেইট দায়িত্ব ছাড়ার পর থেকেই হাসান মাহমুদ আর নাহিদ রানাদের গতি x সুইংকে শাণিত করতে নতুন পেস বোলিং কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে বাংলাদেশের বোলিং আক্রমণের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা নিয়ে বেশ কয়েকজন সাবেক তারকার নাম হাওয়ায় ভাসছে।

ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন এখন একটাই—আসলে কার কাঁধে উঠছে এই গুরু ভার? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বোলিং কোচ হওয়ার এই দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তিনজন কোচ। এর মধ্যে দু’জন বিদেশি, একজন দেশি।

এদের মধ্যে প্রথম নামটি বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। সুযোগ পেলে আবারো টাইগার ডেরায় সানন্দে ফিরতে তিনি তীব্র আগ্রহ প্রকাশ করেছেন গত মাসেও। তবে বিসিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি ২০২৩ সালে দায়িত্ব ছাড়া এই প্রোটিয়া কিংবদন্তি।

একইসঙ্গে, বিদেশি কোটায় ডোনাল্ডের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে শোনা যাচ্ছে পাকিস্তানের সাবেক তারকা পেসার উমর গুলের নাম। বিসিবির সাথে তাঁর যোগাযোগের কথা জানা গেলেও বিষয়টি এখনো ঝুলে আছে পারস্পরিক বোঝাপড়া আর আনুষ্ঠানিক পদক্ষেপের ওপর।

তবে বিদেশি কোচদের ছাপিয়ে সবচেয়ে বড় চমক দেখাচ্ছেন দেশি কোচ তালহা জুবায়ের। শন টেইটের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলানো জুবায়ের বর্তমানে বাংলাদেশের পেস আক্রমণের বিষয় দেখভাল করছেন। ইতিমধ্যে তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে বিসিবি তালহা জুবায়েরকে নির্দিষ্ট মেয়াদের জন্য স্থায়ী দায়িত্ব দিয়েছে।

এই পরিস্থিতিতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি কি অ্যালান ডোনাল্ডের অভিজ্ঞতা অথবা উমর গুলের কৌশলী বোলিং ট্যাকটিক্সের দিকে ঝুঁকবে? নাকি নিজ দেশের তালহা জুবায়েরকে নিয়েই দীর্ঘমেয়াদে পরিকল্পনা সাজাবে বোর্ড? উত্তরটা সময়ই দিয়ে দেবে!

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link