ট্রাভিস হেডের ঝড়, কুপার কনোলির মাস্টারক্লাস নক। দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে অসহায় বানিয়ে ছাড়ল অস্ট্রেলিয়া। ৮৪ রানের বিশাল জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই বাগিয়ে নিল সিরিজটা।
আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ম্যাচের লাগাম টানে শুরুতেই। ট্রাভিস হেডের জ্বলে ওঠার দিনে যোগ্য সঙ্গ দেন মিচেল মার্শ। ওপেনিং জুটি থেকেই অস্ট্রেলিয়া তোলে ১৩০ রান। ফিফটির পর মার্শ ফিরে গেলেও হেডকে আর দমিয়ে রাখতে পারেনি জিম্বাবুয়ের বোলাররা। মাত্র ৭৫ বলেই সেঞ্চুরি হাঁকান তিনি। তুলে নেন ক্যারিয়ারের অষ্টম শতক।

হেডের তাণ্ডবের দিনে কম যাননি কুপার কনোলি। ৬৯ বলে ৭৮ রানের অনবদ্য ইনিংস আসে ব্যাট থেকে। হাল ধরা, প্রয়োজনে গিয়ার বদলানো, সময়ের দাবি মেনে রান তোলা, সবকিছুর মিশ্রণ ছিল তাঁর ব্যাটে। শেষদিকে ওলিভার পিকের ১৮ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস অস্ট্রেলিয়াকে এনে দেয় ৩৫৬ রানের বিশাল সংগ্রহ।
জবাব দিতে নেমে শুরুতে বেশ দেখেশুনেই খেলতে থাকে জিম্বাবুয়ে। ৪৬ রান পর্যন্ত কোনো বিপর্যয় ঘটেনি। তবে ৬০ রানের মাথায় দুই ওপেনারের বিদায় জিম্বাবুয়ের আশাটা দূরে ঠেলে দেয়। ব্র্যান্ডন টেইলর আর ইনোসেন্ট কায়া একটা চেষ্টা চালান। যোগ দেন ক্রেইগ ইভানও। তবে শেষমেশ অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি কেউই। তিনজনই কাটা পড়েন ৩০-এর ঘরে।

সিকান্দার রাজা অবশ্য ইনিংসটাকে টেনে নেওয়ার দায়িত্ব নেন। যদিও জয়ের রেসট্র্যাক থেকে ততক্ষণে ছিটকে গেছে জিম্বাবুয়ে। তবুও রাজার ব্যাট কিছুটা ব্যবধান কমানোর চেষ্টা করে। তবে ৪৫ রানে তাঁকেও থামতে হয়। শেষমেশ জিম্বাবুয়ে অলআউট হয় ২৭২ রানে।










