জাপানে বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশের মেয়েরা

জাপানে এক অন্যরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো বাংলাদেশ নারী দলকে। চীনের অনুরোধে বাংলাদেশ আর চীনের মেয়েদের মধ্যে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল, আর এখন পর্যন্ত বাংলাদেশে যেহেতু এশিয়ান গেমসে একটা ম্যাচও খেলেনি তাই সহজেই এই অনুরোধ লুফে নিয়েছিল বাংলাদেশ। 

জাপানে এক অন্যরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো বাংলাদেশ নারী দলকে। চীনের অনুরোধে বাংলাদেশ আর চীনের মেয়েদের মধ্যে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল, আর এখন পর্যন্ত বাংলাদেশে যেহেতু এশিয়ান গেমসে একটা ম্যাচও খেলেনি তাই সহজেই এই অনুরোধ লুফে নিয়েছিল বাংলাদেশ।

শনিবার সকালে নিয়ম মেনে মাঠেও উপস্থিত হয়েছিল বাংলাদেশ দল , কিন্তু অপেক্ষার প্রহর যেন ফুরোয় না, শেষ পর্যন্ত খবর এলো চীনের দল খেলতে মাঠে আসছে না!

বাংলাদেশ টিম ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ জানান, সকালে মাঠে পৌঁছানোর পর দীর্ঘ সময় অপেক্ষা করেন ক্রিকেটাররা। শেষ পর্যন্ত প্রতিপক্ষ না আসায় প্রীতি ম্যাচের বদলে নিজেদের অনুশীলন সেশনটি সেরে নেন জ্যোতিরা।

ঘটনাটির বর্ণনা দিয়ে ফাইয়াজ বলেন, ‘আমরা খুব সকালে মাঠে গিয়ে ওদের জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু শেষ পর্যন্ত ওরা না আসায় আমরা নিয়মিত অনুশীলন পর্ব শেষ করে হোটেলে ফিরে আসি।’

এই বিব্রতকর মুহুর্তটি  তিনি নিয়ম মেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও এশিয়ান গেমসে বাংলাদেশ দলের শেফ দে মিশন মেজর (অব.) ইমরোজ আহমেদকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করা হয়েছে।

চীনের সঙ্গে এবার নিয়ে দুবার দেখা হওয়ার কথা ছিল বাংলাদেশের, আর দুবারই খেলা হলো না। কোয়ার্টার ফাইনালে মাঠ ভেজা থাকায় একটা বলও গড়ায়নি, ম্যাচ পরিত্যক্ত হয়। আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে জায়গা পায় বাংলাদেশ।

এবার সামনে আসল পরীক্ষা। রোববার ফাইনালের টিকিটের লড়াইয়ে প্রতিপক্ষ ভারত, যারা শুক্রবার স্বাগতিক জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চারে উঠেছে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। প্রীতি ম্যাচটা হয়নি, তবে অনুশীলনটা অন্তত হয়েছে, বাকি পরীক্ষা সরাসরি সেমিফাইনালে, ভারতের বিপক্ষে।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link