খাদের কিনারা থেকে সানার একার লড়াই!

অধিনায়ক এভাবেই তো খেলেন! দল যখন খাদের কিনারায়, তখনই একা কাঁধে দায়িত্ব তুলে নিলেন ফাতিমা সানা

অধিনায়ক এভাবেই তো খেলেন! দল যখন খাদের কিনারায়, তখনই একা কাঁধে দায়িত্ব তুলে নিলেন ফাতিমা সানা। জাপানের নিসশিনে কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমস উইমেন্স ক্রিকেটের ব্রোঞ্জ পদকের লড়াইয়ে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান, শুরুটা দারুন হলেও  বাংলাদেশের বোলারদের তোপে ৭ম ওভারের উইকেট পতনের শুরু,  এরপর মাঝের ওভারগুলোতে একের পর এক উইকেট হারিয়ে একসময় বড় চাপে পড়ে যায় দলটি।

গুল ফিরোজা, শাওয়াল জুলফিকার, আয়েশা জাফর ও আইমান ফাতিমার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। এই বিপর্যয়ের মধ্যে আলিয়া রিয়াজকে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়েন সানা। রিয়াজ ২২ বলে ২৫ রান করে নিগার সুলতানার স্টাম্পিংয়ে রিতু মনির শিকার হন, ইনিংসে ছিল একটি ছক্কা ও একটি চার।

ইনিংসের শেষ ওভারগুলোতে দ্রুত রান তুলে দলকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যান ফাতিমা সানা। শেষ পাঁচ ওভারে ৫৫ রান তোলে পাকিস্তান, যদিও এই সময়ে ৩ উইকেট হারাতে হয় তাদের। ইনিংসের একদম শেষ বলে দিলারা আক্তারের হাতে ক্যাচ দিয়ে নাহিদা আক্তারের বলে আউট হন সানা, ৩০ বলে করেন ৪৫ রান। ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। তার এই ইনিংসেই পাকিস্তান পৌঁছায় ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রানে, বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ১৪৬ রানের।

বাংলাদেশের বোলারদের মধ্যে রিতু মনি ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট, শর্না আক্তারও নেন দুই উইকেট।

২০০১ সালের ৮ নভেম্বর করাচিতে জন্ম নেওয়া ফাতিমা সানা পাকিস্তান নারী দলের অধিনায়কের দায়িত্ব পান ২০২৪ সালের আগস্টে। ডানহাতি মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার সানা পাকিস্তানের প্রথম নারী ক্রিকেটার হিসেবে খেলেছেন দ্য হান্ড্রেডে। কঠিন পরিস্থিতিতে দলকে টানার অভ্যাস তার নতুন নয়, এবারের ব্রোঞ্জ পদকের লড়াইয়েও সেটাই আবার দেখা গেল।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link