নতুন মোড়কে ক্রিকেট লিগ আনছে বিসিবি!

সম্প্রতি, তিন ফরম্যাটের প্যাকেজভিত্তিক টুর্নামেন্টের জন্য ছয়টি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত হয়েছে। তবে, সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই ছয় ফ্র্যাঞ্চাইজির তিনটিরই মালিকানা রয়েছে খোদ তিন বিসিবি পরিচালকের দখলে!

নতুন কিছু করার চেষ্টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকতায় নতুন মোড়কে ক্রিকেট লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছে বিসিবি। ছয় ফ্রাঞ্চাইজি নিয়ে হবে প্যাকেজ টুর্নামেন্ট। তবে বিস্ময়কর ব্যাপার হলো, এই ছয় ফ্র্যাঞ্চাইজির তিনটিরই মালিকানা রয়েছে খোদ তিন বিসিবি পরিচালকের দখলে!

চূড়ান্ত হওয়া ছয়টি দল হলো ব্লুস্টার, একমি, সেভেন রিং সিমেন্ট, সিটিজেন ব্যাংক, ফরচুন ও ওয়ালটন গ্রুপ। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিমের ব্যবসা প্রতিষ্ঠান ব্লুস্টার নিয়েছে একটি দল। পাশাপাশি, ক্লাব ক্যাটাগরির পরিচালক ও সহ-সভাপতি ফাহিম সিনহার পারিবারিক প্রতিষ্ঠান একমি লিমিটেডেরও দখলে থাকছে একটি ফ্র্যাঞ্চাইজি। আর বরিশাল বিভাগ থেকে নির্বাচিত পরিচালক মিজানুর রহমানের প্রতিষ্ঠান ফরচুন পেয়েছে আরেকটি দলের স্বত্বাধিকার।

এতে করে দেশের ক্রিকেটাঙ্গনে বেশ বিতর্কের জন্ম হয়েছে। খোদ নীতিনির্ধারণী পদধারীদের এভাবে বোর্ডের অধীনে আয়োজিত টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের নৈতিকতা ও স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) এ ধরনের পদক্ষেপ গ্রহণে নিরুৎসাহিত করে।

সর্বপ্রথম ২০১২ সালে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট চালু করেন সাবেক বিসিবি ও আইসিসি সভাপতি আ.হ.ম. মুস্তফা কামাল। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল, ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল নামের চার দল অংশ নিত তখন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)।

কিন্তু কয়েক বছর আগে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের মালিকানা প্রত্যাহার করায় দলগুলোর বড় খরচের ভার এসে পড়ে বিসিবির কাঁধে। সেই সংকট কাটাতেই এবছর টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে নতুনভাবে প্রস্তাবিত ‘বাংলাদেশ ফার্স্ট লিগ’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

এবার চূড়ান্ত হওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোকে চুক্তি সাপেক্ষে লভ্যাংশ দেওয়ার কথাও ভাবছে বিসিবি। প্রথম আসর থেকেই প্রতিটি দলকে অন্তত ৫০ লাখ টাকা করে লভ্যাংশ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তবে, এসবকিছু ছাপিয়ে নতুন এই টুর্নামেন্টের তিনটি ফ্র্যাঞ্চাইজির মালিকানাই স্বয়ং তিন বিসিবির নীতিনির্ধারকদের হাতে থাকায় বেশ বিব্রতকর পরিস্থিতিতেই পড়তে হচ্ছে বোর্ডকে। যদিও একটা সুবিধা আছে। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ঝামেলা কম হওয়ার কথা, যেহেতু মালিকানায় বিসিবির পরিচালক। তবে লাভ-ক্ষতির এই হিসাব ছাপিয়ে নতুন বিতর্কের জন্ম হবে না তো।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link