এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকটা যেন এই দুই দলের মধ্যেই ভাগাভাগি হয়ে থাকার কথা ঠিক করে রেখেছে, গতবার নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ, এবার সেই পালা পাকিস্তানের। জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে হওয়া ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ নারী দল হেরেছে ৩১ রানে।
আগে ব্যাটিং করা পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৪৫ রান, জবাবে বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ১১৪ রানে। দুই দলই এর আগেই আসর থেকে ছিটকে গিয়েছিল, তাই ম্যাচটা ছিল শুধু তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের।
পাকিস্তানের ইনিংসের শুরুটা ভালো যায়নি বাংলাদেশের বোলারদের সামনে। পাওয়ারপ্লের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৬ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। এখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক ফাতিমা সানা, ৩০ বলে করেন ৪৫ রান, ইনিংসে ছিল তিনটি চার আর তিনটি ছক্কা। তার সঙ্গী আলিয়া রিয়াজ করেন ২২ বলে ২৫ রান। দুজনের ৬৭ রানের জুটিতেই লড়াইয়ের মতো পুঁজি পায় পাকিস্তান।

জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি চেষ্টা করেছিলেন ম্যাচে ফেরার, কিন্তু বাউন্ডারির দেখা মিলছিল না বললেই চলে, রানের চেয়ে ডট বলই হচ্ছিল বেশি। জ্যোতি আউট হন ৩০ বলে ২৫ রান করে।
এরপর একের পর এক উইকেট পড়তে থাকলেও এক প্রান্ত আগলে রাখেন শারমিন আক্তার। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৫ বলে ৪৬ রান করে, তবে যোগ্য সঙ্গীর অভাবেই ম্যাচ হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের। ৩১ রানের হারে চতুর্থ হয়েই আসর শেষ করতে হলো বাংলাদেশকে।












