সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুলল আলিসের!

১৯ সেপ্টেম্বর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে যাওয়ায় এশিয়ান গেমসে খেলার কপাল খুলে গেছে আলিস আল ইসলামের।

আরও একবার জাতীয় দলে ডাক পেলেন আলিস আল ইসলাম। ইনজুরির সাথে লড়াইয়ে ব্যস্ত থাকার কারণে বাংলাদেশের জার্সি গায়ে ওঠেনি এখনও। এর আগে সুযোগ এসেছিল, তবে শেষ মূহুর্তে ইনজুরি অভিষেক হতে দেয়নি। এশিয়ান গেমসে ফিরলেন আলিস, এবার কি অভিষেকটা হবে, নাকি শেষ সময়ে গিয়ে মাঠেই নামা হবে না আর?

ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন  মোহাম্মদ সাইফউদ্দিন। আর এতেই এশিয়ান গেমসে খেলার কপাল খুলে যায় আলিসের। তবে এই সুযোগ তিনি উপহার হিসেবে পাননি, অর্জনের মধ্য দিয়েই কাড়তে হয়েছে নজর। ঘরোয়া ক্রিকেটে আলিস এক পরিচিত ও সফল নাম। ক্যারম বল ডেলিভারির কারিকুরি আর মিস্ট্রি স্পিনে ব্যাটারদের তুমুলভাবে বিভ্রান্ত করায় তাঁর জুড়ি মেলা ভার!

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো ঘরোয়া টি-টোয়েন্টির সবখানেই নিয়মিত আলো ছড়াচ্ছেন এই তারকা। ফরম্যাটটিতে ঘরোয়া আসরে এখন পর্যন্ত ৫৯ উইকেট শিকার করেছেন এই স্পিনার।

এ ছাড়া, চলতি সেপ্টেম্বরেই বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে প্রোটিয়া ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডেতে এক ইনিংস বল করে ৩৫ রানে তিন উইকেট শিকার করেন তিনি। এশিয়ান গেমসে ডাক পাওয়ার আগে মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচেও মিডল অর্ডার ব্যাটারদের বিপক্ষে নিজের বোলিং নৈপুণ্য দেখিয়েছেন। পেয়েছেন একটি উইকেটও। তাই প্রতিপক্ষের রানের চাকা শ্লথ করার পাশাপাশি পাওয়ারপ্লে ও ডেথ ওভারে দলকে মোমেন্টাম এনে দিতেও তুরুপের তাস বনে যেতে পারেন তিনি।

আলিসের মতো একজন বৈচিত্র্যময় মিস্ট্রি স্পিনারের অন্তর্ভুক্তিতে দলের বোলিং আক্রমণে নতুন মাত্রা যুক্ত হবে। বিশেষ করে এশিয়ান গেমসের  উইকেটে আলিস পেতে পারেন বাড়তি সুবিধা।

সে যাই হোক, সমর্থকদের এখন একটাই প্রশ্ন, তবে কি এবার সত্যিই আলিসের গায়ে উঠতে চলেছে লাল-সবুজের জার্সি? সুযোগ পেলে ডোমেস্টিক ক্রিকেট, ‘এ’ দলের দুর্দান্ত পারফর্ম্যান্স আর প্রস্তুতি ম্যাচের সাফল্যের ধারবাহিকতাকে আলিস এশিয়ান গেমসের মঞ্চে টেনে নিয়ে যেতে পারবেন কি-না, সেটাই দেখার পালা!

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link