প্রস্তুতি ম্যাচে নিজের সেরাটাই দিলেন মুস্তাফিজ!

দীর্ঘদিন ক্রিকেট মাঠের বাইরে থাকা মানেই একজন বোলারের জন্য ছন্দ ফিরে পাওয়ার একটা বড় চ্যালেঞ্জ। তবে সেই সংশয়কে তুড়ি মেরে উড়িয়ে দিলেন মুস্তাফিজুর রহমান।

দীর্ঘদিন ক্রিকেট মাঠের বাইরে থাকা মানেই একজন বোলারের জন্য ছন্দ ফিরে পাওয়ার একটা বড় চ্যালেঞ্জ। তবে সেই সংশয়কে তুড়ি মেরে উড়িয়ে দিলেন মুস্তাফিজুর রহমান। এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত প্রস্তুতি ম্যাচে ‘টিম এ’ এর হয়ে বল হাতে নিজের সেরা রূপটাই ফুটিয়ে তুললেন দ্য কাটার মাস্টার। তিন ওভারে মাত্র ১৫ রান খরচায় তুলেছেন তিন উইকেট।

ম্যাচে মুস্তাফিজের বোলিং তোপ সইতে পারেননি বিপক্ষ দলের টপ ও মিডল অর্ডার। তাঁর শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন নাইম শেখ, সৌম্য সরকার এবং মোসাদ্দেক হোসেন। ব্যাক্তিগত স্পেলের ১৮টি বলের মধ্যে ১১টি বলেই প্রতিপক্ষ ব্যাটারদের ডট খেলাতে বাধ্য করেন এই বাঁহাতি পেসার। যা তাঁর নিখুঁত লাইন লেংথ ও নিয়ন্ত্রণকেই প্রমাণ করে।

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয় দলে নি:সন্দেহে সবচেয়ে বড় স্বস্তির নাম মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর তাঁর ম্যাচ ফিটনেস এবং ফর্ম নিয়ে ক্রিকেটপাড়ায় কিছুটা সংশয় বা দুশ্চিন্তা থাকাটাই ছিল স্বাভাবিক। কারণ, আন্তর্জাতিক অঙ্গনের মানসিক চাপ ও বোলিংয়ের ধার বজায় রাখা অনুশীলনে আর ম্যাচের বাস্তবতায় সবসময় এক হয় না।

তবে সব শঙ্কা এক ফুঁয়ে উড়িয়ে দিয়েছেন তিনি। এশিয়ান গেমসের মূল পর্বে নামার আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার যে আদর্শ সুযোগ পেয়েছিলেন, তার শতভাগ সদ্ব্যবহার করেছেন।

স্বাভাবিকভাবেই আসন্ন এশিয়ান গেমসে বাংলাদেশের বোলিং অ্যাটাকের মূল চালিকাশক্তি মুস্তাফিজই। তাঁর ওপর ভরসা করেই বড় কিছুর স্বপ্ন বুনছে দল।

আর প্রস্তুতি ম্যাচে তাঁর এমন দুর্দান্ত পারফরম্যান্স স্পষ্ট করে দিয়েছে – মাঠের বাইরে থাকলেও কাটার মাস্টারের জাদুতে কোনো ভাটা পড়েনি। পুরোপুরি প্রস্তুত হয়েই এশিয়ান গেমসে লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ফিজ।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link