বোলারের মাথার উপর দিয়ে একের পর এক উড়ে যাচ্ছে সীমানার বাইরে। যিনি পাঠাচ্ছেন তিনি সাইফ হাসান। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। এশিয়ান গেমসটাও কি সাইফের জন্য ভালো হতে যাচ্ছে? শেষ প্রস্তুতি ম্যাচে খেলা ৭৭ রানের ইনিংসটা যে সেই বার্তাই দিচ্ছে। একটা স্বস্তির বাতাস লেগেছে বাংলাদেশের গায়ে।
দীর্ঘদিন ধরেই সাইফের ব্যাটে রান নেই। আন্তর্জাতিক মঞ্চে বারবার খেই হারিয়ে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন অনেক আগেই। সুযোগ কম পাননি তিনি। তবে সেটাকে কাজে লাগাতেও বারবার হোঁচট খেয়েছেন। ঝড়ের বেগে রান করার তকমা গায়ে থাকলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাইফের স্ট্রাইক রেট মাত্র ১১৭। যা কোনোভাবেই সন্তোষজনক নয়। তবে অবশেষে সাইফ বোধহয় খরা কাটিয়ে উঠতে পেরেছেন।

এশিয়ান গেমসকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচ নিজেদের মধ্যে খেলেছে বাংলাদেশ। প্রথমটাতে অবশ্য ব্যর্থই ছিলেন সাইফ। ১০ বলে ১৩ রান করেই ইনিংসের ইতি টানেন। সূচনা ভালো করেও বড় রান আনতে পারেননি। দুশ্চিন্তা বেড়েছে, আর কী করলে রানে ফিরবেন তিনি?
তবে এক দিনের ব্যবধানেই সাইফ ফিরলেন স্বরূপে। টিম বি-এর বিপক্ষে ৫২ বলে ৭৭ রান এসেছে সাইফের কাছ থেকে। দুই চারের সাথে ছয়খানা ছক্কা হাঁকিয়ে পাওয়ার হিটিংয়ের নিদর্শনই দেখিয়েছেন তিনি।

এশিয়ান গেমসটা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সোনা জেতাই বাংলাদেশের লক্ষ্য। সেভাবে দলও গড়া হয়েছে। প্রতিপক্ষরাও কম যায় না। ভারত, পাকিস্তান সবারই লক্ষ্য যেহেতু এক, লড়াইটাও হবে তুমুল। যেখানে বাংলাদেশকে নিজেদের সর্বোচ্চ দিতে হবে। সবটুকু উজাড় করে দিতে হবে প্রতিটি খেলোয়াড়কে। সাইফকে তাই গুরুদায়িত্ব নিতে হবে। নিজেকে আরও একবার প্রমাণ করতে হবে। শেষ প্রস্তুতি ম্যাচে পাওয়া আত্মবিশ্বাসটাই তাই হতে পারে সাইফের চালিকাশক্তি।










