টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত এবার এশিয়ান গেমসের সোনা জয়ের মিশনে থাকলেও দেশটিকে চাপে ফেলতে প্রস্তুত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান! জাপানের উদ্দেশে দেশ ছাড়ার আগে করাচির হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স সেন্টারে এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন পাক কোচ মাইক হেসন।
তিনি স্বীকার করেছেন, ‘টি-টোয়েন্টিতে ভারতকে ছুঁতে আমাদের এখনো কিছুটা পথ পাড়ি দেওয়া বাকি। তবে, সুযোগ পেলেই প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত পাকিস্তান দল।’
অবশ্য, গত বছরের মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে হেসনের অধীনে ভারতের বিপক্ষে খুব একটা ভালো খেলতে পারেননি বাবর আজম-আবরার আহমেদরা। এসময়ের ভেতর এশিয়া কাপে তিনবার আর টি-টোয়েন্টি বিশ্বকাপে একবার মিলিয়ে, মোট চারবার ভারতের কাছে পরাস্ত হয়েছে পাকিস্তান। এরপরও অতীত ভুলে নতুন উদ্যমে সামনে এগোনোর কথাই ভাবছেন পাকিস্তান কোচ। ১ অক্টোবর পাকিস্তান যদি সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়, তাহলে দুবাইয়ে সবশেষ এশিয়া কাপ ফাইনালের মতো আবারও তীব্র প্রতিদ্বন্দ্বিতা উপহার দিতে চান হেসন।

তবে, এশিয়ান গেমসে মাঠে নামার আগে বেশ বিপাকে রয়েছে পাকিস্তান শিবির। সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়ে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দলের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে। পাশাপাশি, উদীয়মান পেসার সালমান মির্জা চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন। এই জটিল পরিস্থিতি সামলাতে অভিজ্ঞ ও উদীয়মান তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়েছেন হেসন।
লাল বলের ব্যর্থতা ছাপিয়ে সাদা বলের ক্রিকেটে দারুণ কিছু করার ব্যাপারে আশাবাদী হেসন। তাঁর মতে, পাকিস্তান ওয়ানডে দল দিনদিন উন্নতি করছে এবং টি-টোয়েন্টিতেও তারা সেরাদের মধ্যে অন্যতম। জাপানের কন্ডিশন সহায়ক হলে ব্যাটার ও বোলারদের কার্যকর নৈপুণ্যে সেরা ফলটা বের করে আনতে প্রত্যয়ী পাক কোচ।
২৮ সেপ্টেম্বর সরাসরি কোয়ার্টার ফাইনালের মধ্য দিয়ে শুরু হবে পাকিস্তানের এশিয়ান গেমস মিশন। নাগয়ায় হেসনের কৌশল কতটা সফল হয় সেটিই এখন দেখার বিষয়!











