কাউন্টিতে থামছেই না খালেদের রাজত্ব!

কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগের শেষ পর্বে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে দলের বাঁচা-মরার লড়াইয়ে তিন উইকেট তুলে নিয়ে যথারীতি নিজের রাজত্ব বজায় রেখেছেন টাইগার স্পিডস্টার খালেদ আহমেদ।

ইংলিশ কাউন্টি ক্রিকেটের প্রথম বিভাগে ওঠার লড়াইয়ে কেন্টকে আরেক ধাপ এগিয়ে দিলেন বাংলাদেশের গতিদানব খালেদ আহমেদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগের শেষ পর্বে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে দলের বাঁচা-মরার লড়াইয়ে তিন উইকেট তুলে নিয়ে যথারীতি নিজের রাজত্ব বজায় রেখেছেন এই টাইগার স্পিডস্টার!

ক্যান্টারবেরির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কেন্ট। তবে, নতুন বল হাতে শুরুতেই দৃশ্যে আসেননি খালেদ। প্রথম দিনে কিছু সময় গড়ানোর পর বল একটু পুরোনো হতেই দারুণ সব ডেলিভারির পসরা সাজিয়ে বসেন খালেদ।

আর তাতেই মোড় বদলায় খেলার। দারিয়ুশ আহমেদকে চার রানে ফিরিয়ে শুরু করেন খালেদ। এরপর ১০ বল খেলা সাই কিশোরকে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ দেখান তিনি। সঙ্গে, চেই সিমন্সকে নিঁখুত ডেলিভারিতে বোল্ড করে তিন উইকেটের ঝুলি পূর্ণ করেন এই বাংলাদেশি।

খালেদের নিয়ন্ত্রিত বোলিং আর ম্যাট মিলনেসের চার উইকেট শিকারের বদৌলতে ২২৯ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে যায় গ্লুচেস্টারশায়ার। জবাবে দিনের শেষভাগে ২২ ওভার ব্যাট করে ১ উইকেটে ৭১ রান তুলেছে কেন্ট। এখনো ১৫৮ রানে পিছিয়ে খালেদ আহমেদের দল।

চলতি মৌসুমে এখন পর্যন্ত কেন্টের হয়ে ১৪ উইকেট পেয়েছেন খালেদ। প্রথম বিভাগে উত্তীর্ণ হতে ম্যাচের দ্বিতীয় ইনিংসেও খালেদ কার্যকর পারফরম্যান্স করে দলকে জেতাতে পারেন কি-না, সেটাই এখন দেখার পালা!

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link