অলরাউন্ডার সাকিবের দাপট!

এখন দেশের ক্রিকেটে সাকিব কোথাও নেই। তবে গল্পটা বদলায়নি। যুক্তরাষ্ট্রের মাইনর লিগে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। ব্যাট হাতে ২৬ রান আর বল হাতে তিন উইকেট নিয়ে সাকিব বুঝিয়ে দিলেন পিউর অলরাউন্ডার কাকে বলে।

একটা সময় ছিল, সাকিব আল হাসান মাঠে নামলেই বাংলাদেশের ক্রিকেটে একটা আলাদা গল্প তৈরি হতো। কখনো ব্যাট হাতে, কখনো বল হাতে, আবার কখনো দুটোতেই। এখন দেশের ক্রিকেটে সাকিব কোথাও নেই। তবে গল্পটা বদলায়নি। যুক্তরাষ্ট্রের মাইনর লিগে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। ব্যাট হাতে ২৬ রান আর বল হাতে তিন উইকেট নিয়ে সাকিব বুঝিয়ে দিলেন পিউর অলরাউন্ডার কাকে বলে।

এদিন আগে ব্যাট করতে নামে সাকিবের দল আটলান্টা ফায়ার। চার নম্বরে নেমে নিজের কাজটা করে যান সাকিব। সমান দুটো করে চার আর ছক্কার সাহায্যে মাত্র ১৬ বলে খেলেন ২৬ রানের কার্যকর ইনিংস। তার দলও পায় ২০৫ রানের বিশাল পুঁজি।

২০৬ রানের পাহাড়সম লক্ষ্য। আর সেই লক্ষ্য তাড়া করতে নামতেই আটলান্টা লাইটেনিংয়ের আকাশে নেমে আসে ঘোর অন্ধকার। প্রথম ওভারেই হাতে বল তুলে নেন সাকিব। প্রথম ওভারেই উইকেট। খরচ মাত্র ৩ রান। তিনি যেন ঘোষণা দিলেন, এই ম্যাচটাও যে নিজের করে নিতে নেমেছেন, প্রতিপক্ষের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করবেন।

নিজের দ্বিতীয় ওভারেও একই দৃশ্য। এবার তার শিকার লাইটেনিংয়ের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। একের পর এক আঘাতে লাইটেনিংয়ের ব্যাটিং অর্ডারে এমন ধস নামে যে মাত্র ২৭ রানেই চার উইকেট হারিয়ে বসে তারা।

সেখান থেকে ম্যাচটা আবার একটু একটু করে ঘুরতে শুরু করে। ৬৭ রানের জুটি গড়ে উঠলে কিছুটা চাপে পড়ে সাকিবের দল। তখনই বল হাতে আসেন সাকিব। জুটি ভাঙার দায়িত্বটাও শেষ পর্যন্ত নিজের কাঁধে তুলে নেন তিনি। নিজের তৃতীয় উইকেট তুলে নেন সাকিব।

শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৮ রানেই থেমে যায় আটলান্টা লাইটেনিং। ৪৭ রানের জয় পায় আটলান্টা ফায়ার। এদিন বল হাতে চার ওভারে ৩১ রান দিয়ে নেন তিন উইকেট।

আগের ম্যাচেও তিন উইকেট পেয়েছেন মোটে চার রানের বিনিময়ে। ব্যাট হাতেও খেলেন ১৮ রানের ইনিংস। পরপর দুই ম্যাচে এমন পারফরম্যান্সই বলে দেয়, সাকিব এখনও অনবদ্য।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link