ওভালে রাজকীয় প্রত্যাবর্তন টম ব্যানটনের!

পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া এক ওপেনার আজ ফিরে এলেন নিজের জায়গাতেই, আর সেই জায়গাটা রাঙিয়েও দিলেন।

টি-টুয়েন্টি তে টম ব্যানটনের ক্যারিয়ারটা শুরু হয়েছিল ওপেনার হিসেবে, আন্তর্জাতিক ম্যাচ খেলার আগেই মারকুটে ওপেনার হিসেবেই তিনি পরিচিত ছিলেন । কিন্তু ওয়ানডেতে সুযোগ মিলেছিল মিডল অর্ডারে, আর সেখানে নিজের ছন্দ খুঁজে পাননি। রান আসেনি, ধারাবাহিকতা আসেনি, একসময় জাতীয় দলের রাডার থেকেই হারিয়ে গেলেন। কেটে গেল পাঁচটা বছর।

২০২৫ সালের আবারও ফিরলেন টিটুয়েন্টিতে,  এরই মাঝে ইংল্যান্ডের ওয়ানডে ওপেনিংয়ে  দীর্ঘদিনের সংকট। টানা পারফরম্যান্স করে থিতু হওয়ার মতো ওপেনার খোঁজার মিশন শেষই হচ্ছিল না।  আজ দ্য ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে যেন সেই সংকটেরই জবাব দিলেন ব্যানটন।

শুরুটা সহজ ছিল না ইংল্যান্ডের জন্য। বেন ডাকেট প্রথম ওভারেই বোল্ড হয়ে ফেরেন, খাতা খুলতেই পারেননি। জো রুট লড়াই করলেও ছন্দ পাননি, শেষে লিয়ানাগের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ১৮ রানে।

কিন্তু অন্যপ্রান্তে ব্যানটন খেলছিলেন নিজের মতো করে। ফিফটি এলো ৫৩ বলে। হ্যারি ব্রুকের সঙ্গে জুটিতে যোগ করলেন দেড়শো রান, ওভালেই, যা জায়গা করে নিল অ্যালেক্স হেলস-জেসন রয়, অ্যালিস্টার কুক-ক্রেগ কিসওয়েটারদের পাশে।

বত্রিশ ওভারের চতুর্থ বলে ওয়েলালাগেকে দেখে পিচ ছেড়ে বেরিয়ে এলেন ব্যানটন। হাফভলিতে পাওয়া বলটাকে টেনে নিয়ে খেললেন এক্সট্রা কভার দিয়ে। ব্যাট থেকে বল বেরোতেই গ্যালারি জেনে গেল কী ঘটতে চলেছে। হেলমেট খুলে দুই হাত তুললেন আকাশের দিকে, ওভালের করতালিতে ভেসে গেল মাঠ। মেইডেন ওয়ানডে সেঞ্চুরি,২০২৭  বিশ্বকাপের ঠিক এক বছর আগে। ইনজুরিতে পড়া বেথেলের বদলি হিসেবে ওপেনিংয়ে সুযোগ পেয়ে এমন এক ইনিংস।

ব্রুক ৭৭ রানে ফিরলেও ব্যানটন থামেননি, শেষমেশ আউট হন  ১০৫ বলে ১২৬ করে,  ১৬ চার আর পাঁচ ছক্কায়। ৫৬টি বলে কোনো রান না নিয়েও এমন ঝড় তোলা, ২০১৫ বিশ্বকাপ পরবর্তী ইংল্যান্ডের ৮৮টি ওয়ানডে সেঞ্চুরির মধ্যে সপ্তম সর্বোচ্চ ডট বলের হার এটাই।

পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া এক ওপেনার আজ ফিরে এলেন নিজের জায়গাতেই, আর সেই জায়গাটা রাঙিয়েও দিলেন।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link