জার্সি বদলায়, বদলান না ওলিসে

ফুটবল বিশ্বে এই মুহূর্তে যেসব ফরোয়ার্ড প্রতিপক্ষের রক্ষণের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছেন, তাদের মধ্যে অন্যতম ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে।

ফুটবল বিশ্বে এই মুহূর্তে যেসব ফরোয়ার্ড প্রতিপক্ষের রক্ষণের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছেন, তাদের মধ্যে অন্যতম ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে। ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখের রেড জার্সি হোক কিংবা জাতীয় দলে ফ্রান্সের ঐতিহ্যবাহী ব্লু। মাঠে নামলেই নিজের জাদুকরী পারফরম্যান্সে ম্যাচ ঘুরিয়ে দিচ্ছেন এই ২৪ বছর বয়সী উইঙ্গার।

উয়েফা নেশনস লিগে বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের ১-০ ব্যবধানের জয়েও নায়ক এই ওলিসে। দলের প্রায় প্রতিটা মূল খেলোয়াড়কে বেঞ্চে রেখে সাইডলাইন শক্তি পরখ করছিলেন জিনেদিন জিদান। পুরো ম্যাচ জুড়ে বল পজিশন কিংবা একের পর এক অ্যাটাকে ফ্রান্স এগিয়ে থাকলেও কোনোভাবেই যেন গোল হচ্ছিল না।

অবশেষে ম্যাচের ৭৭তম মিনিটে ব্রেডলি বার্কোলাকে উঠিয়ে সাবস্টিটিউটে মাইকেল ওলিসেকে নামান জিদান। আর সেই আস্থার প্রতিদান যে তিনি দিবেন তা অনেকটাই অনুমেয়। ম্যাচের ৮৮তম মিনিটে দূরপাল্লার এক দর্শনীয় শটে গোল করে দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন তিনি।

কেবল এক ম্যাচে নয়, জাতীয় দলের হয়ে সাম্প্রতিক প্রতিটি সুযোগেই নিজেকে ম্যাচ উইনার হিসেবে প্রমাণ করছেন এই ফরাসি ফরোয়ার্ড। ফিফা বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ সাতটি অ্যাসিস্টের অনন্য বিশ্বরেকর্ড গড়ে বিশ্বমঞ্চেও নিজের জাত চিনিয়েছিলেন তিনি।

ক্লাব ফুটবলেও ওলিসের ফর্ম অবিশ্বাস্য। বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকেই টানা দুর্দান্ত পারফর্ম করে আসছেন তিনি। ২০২৫-২৬ বুন্দেসলিগায় মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। এবারের মৌসুমে অ্যালিয়েঞ্জ অ্যারেনার প্রতিটি রাতই তাঁর পায়ের জাদুতে রাঙাচ্ছেন ওলিসে।

উইংয়ে ড্রিবলিং, কাট-ইন করে শট নেওয়া এবং নিখুঁত পাসিংয়ের যে অনন্য সংমিশ্রণ ওলিসের খেলায় দেখা যায়, তা প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করে। ফর্মের তুঙ্গে থাকা এই উইঙ্গার ক্লাব ও জাতীয় দল – উভয় জায়গাতেই বর্তমানে কোচদের প্রধান ভরসার প্রতীকে পরিণত হয়েছেন।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link