দক্ষিণ আফ্রিকা সফরে জায়গা পাচ্ছেন রবিন!

একজনের দুর্ভাগ্য অন্যজনের স্বপ্নপূরণের উপলক্ষ হয়ে ওঠে মাঝেমধ্যেই। বাংলাদেশের ক্রিকেটেও যেন তেমনটাই হতে যাচ্ছে। চলমান সিলেট টেস্টে দলের নিয়মিত ও নির্ভরযোগ্য ওপেনার সাদমান ইসলামের চোটে বাংলাদেশের টেস্ট ওপেনিংয়ে তৈরি হয়েছে শূন্যতা। আর তখনই উঁকি মারছে দক্ষিণ আফ্রিকা সিরিজ! আর সেই শূন্যস্থান পূরণের সম্ভাব্য দাবিদার হিসেবে আলোচনায় উঠে এসেছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকা তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম।

একজনের দুর্ভাগ্য অন্যজনের স্বপ্নপূরণের উপলক্ষ হয়ে ওঠে মাঝেমধ্যেই। বাংলাদেশের ক্রিকেটেও যেন তেমনটাই হতে যাচ্ছে। চলমান সিলেট টেস্টে দলের নিয়মিত ও নির্ভরযোগ্য ওপেনার সাদমান ইসলামের চোটে বাংলাদেশের টেস্ট ওপেনিংয়ে তৈরি হয়েছে শূন্যতা। আর তখনই উঁকি মারছে দক্ষিণ আফ্রিকা সিরিজ! আর সেই শূন্যস্থান পূরণের সম্ভাব্য দাবিদার হিসেবে আলোচনায় উঠে এসেছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকা তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পান বাংলাদেশের নির্ভরশীল ওপেনার সাদমান ইসলাম। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাঁকে। ফলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। চোটের প্রকৃত অবস্থা জানতে ঢাকায় ফেরার পর আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

আর তাতেই সাদমানের অনুপস্থিতিতে নির্বাচকদের নজর এখন মাহফিজুলের দিকে। চলমান এনসিএলে ময়মনসিংহের হয়ে ১০ ইনিংসে ৬৭২ রান করেছেন ২২ বছর বয়সী এই ওপেনার। গড় ৭৪.৬৭। নিয়মিত রান করা কিংবা এমন চোখধাঁধানো পরিসংখ্যানই তাঁকে বিবেচনা করার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে!

তবে ওপেনিংয়ের বিকল্প ভাবনায় শুধু মাহফিজুল নন, রয়েছেন অভিজ্ঞ মাহমুদুল হাসান জয়ও। বাংলাদেশের হয়ে ২৩টি টেস্টে ১ হাজার ১২৯ রান করেছেন এই বিশ্বকাপজয়ী ক্রিকেটার। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতেই পেয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের সেঞ্চুরি। চলতি এনসিএলে চট্টগ্রামের হয়ে সাত ইনিংসে ৪২২ রান করেছেন, গড় ৬০.২৯।

জয়কে বিবেচনায় রাখার অন্যতম প্রধান কারণ তাঁর আন্তর্জাতিক অভিজ্ঞতা। অন্য কোনো তরুণকে দলে নেওয়া হলে ওপেনিং বিভাগে অনভিজ্ঞতার ঝুঁকি বাড়তে পারে। তবে গত আফগানিস্তান সিরিজেই বিকল্প ওপেনার হিসেবে ছিলেন সৌম্য সরকার। এবার তাঁকে ছেঁটে ফেলে অন্য দুইজনের নাম উঠে আসাটাও খানিকটা উদ্ভটও বটে!

সে যাই হোক, দক্ষিণ আফ্রিকার গতিময় ও বাউন্সি উইকেটে নতুন বল সামলানো বাংলাদেশের ওপেনারদের জন্য বড় পরীক্ষা। সেখানে নিয়মিত ওপেনার সাদমানের অনুপস্থিতি নি:সন্দেহে বড় ধাক্কা হবে দলের জন্য!

তবে সেই শূন্যস্থানই মাহফিজুলের জন্য হয়ে উঠতে পারে ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ। জয়ের জন্যও হতে পারে জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করার দারুণ সুযোগ! দেখা যাক, শেষ অবধি কেমন সিদ্ধান্ত আসে বিসিবি থেকে!

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link