জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিন আফ্রিকার বিপক্ষে নয় উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪০০ রান তুলেও ম্যাচটা যে এভাবে হাতছাড়া হলো, তার পেছনে তিনটা কারণ বেশ স্পষ্ট।
প্রথম কারণ একাদশ বাছাইয়ের ভুল। সাউথ আফ্রিকার মতো পিচে একজন বোলার কম নিয়ে নেমেছিল বাংলাদেশ, আট ব্যাটার সাজিয়ে। এর খেসারত দিতে হয়েছে বোলারদের। পাঁচ দিনের টেস্টে হাতে যথেষ্ট বোলার না থাকলে ক্লান্তি জমে, বিকল্প থাকে না। প্রতিপক্ষ ৫৫৭ রান তোলার সুযোগটাও পেয়েছে সেখান থেকেই।

দ্বিতীয় কারণ সিনিয়রদের ব্যর্থতা। দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার মুমিনুল হক আর মুশফিকুর রহিম, দুজনেই দুই ইনিংসে ব্যর্থ। প্রথম ইনিংসে তো দুজনই শূন্য রানে ফিরলেন। আউট হওয়ার ধরনও ছিল দৃষ্টিকটু। যখন দল সবচেয়ে বেশি ভরসা চাইছিল, তখন দায়িত্ব নেওয়ার মতো কাউকে পাওয়া গেল না।
তৃতীয় কারণ বোলারদের নো বল আর ফিল্ডারদের ক্যাচ মিস। একের পর এক বাড়তি বল আর হাত থেকে পড়ে যাওয়া সহজ সুযোগ সাউথ আফ্রিকার লিডটা আরও বড় করে দিয়েছে। রায়ান রিকেলটন দুবার জীবন পেয়ে সেঞ্চুরি তুলে নিলেন। টেস্টে এমন উপহার দিলে প্রতিপক্ষ সেটা ফেরত দেয় না, দুহাত ভরে নিয়ে যায়।











