সাব্বির রহমান কিংবা ইয়াসির আলী রাব্বির মতো ত্রিশোর্ধ ক্রিকেটাররা কেন রাইজিং স্টার এশিয়া কাপে? এই প্রশ্নে ক্রিকেটপাড়ায় কম আলোচনা-সমালোচনা হয়নি। বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
তার ভাষ্য অনুযায়ী, ৫০ ওভারের ক্রিকেটে মিডল অর্ডারের বিকল্প তৈরি করতেই সাব্বির রহমান ও ইয়াসির আলী রাব্বিকে বিবেচনায় রাখা হয়েছে। সামনে ওয়ানডে ফরম্যাটের চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই এসব অভিজ্ঞদের রাইজিং স্টার এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এবার নির্বাচকদের এই সিদ্ধান্তের পক্ষে প্রথম ম্যাচেই যেন নিজের যুক্তি তুলে ধরলেন ইয়াসির আলী রাব্বি। হংকং চায়নার বিপক্ষে মাত্র ৫১ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস। পাঁচ ছক্কা ও তিন চারের মারে বুঝিয়ে দিলেন, ব্যাট হাতে নিজের সামর্থ্য দেখানোর জন্য এখনো প্রস্তুত তিনি।ব্যাটিং করলেন টি-টোয়েন্টি মেজাজে। স্ট্রাইক রেটও যে ঈর্ষণীয় ১৩৯.২২! ইয়াসিরের এমন ইনিংসের পর নির্বাচকদের পরিকল্পনাও যে একেবারে অমূলক নয়, সেই আলোচনাও সামনে এসেছে।

আগামী বছরই ওয়ানডে বিশ্বকাপ। অথচ বাংলাদেশের ওয়ানডে দলের ছয় নম্বর পজিশন এখনো অনেকটা অমীমাংসিত। শুধু ছয় নম্বরই না। সাত নম্বর পজিশন নিয়েও চিন্তা করার কারণ আছে যথেষ্ট! এই জায়গায় নির্ভরযোগ্য ব্যাটারের অভাব বেশ ভোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তাই বিকল্প খুঁজতে সাব্বির কিংবা ইয়াসিরের মতো ব্যাটারদের নিয়ে চলছে পরীক্ষা-নিরীক্ষা!
যদিও হংকং চায়নার বিপক্ষে ইয়াসিরের ব্যাটিং পজিশন ছিল চার নম্বর।অন্যদিকে, ব্যাটিংয়ের সুযোগই পাননি সাব্বির রহমান। ফলে ইয়াসিরের এই পারফরম্যান্স স্বস্তি দিলেও মিডল অর্ডার পজিশনের সমস্যার সমাধান কতটা হচ্ছে, সেই প্রশ্নও থেকে যাচ্ছে। আবার তাকিয়ে থাকতে হবে এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোর দিকেও।
সবশেষ আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজেও বাংলাদেশের ব্যাটিংয়ের দুর্বলতা স্পষ্টভআবেই ফুটে উঠেছে। ধারাবাহিকতা ও কার্যকর মিডল অর্ডারের অভাব এখন বড় দুশ্চিন্তার নাম। বিশ্বকাপের আগে সেই জায়গাগুলোতেই সমাধান খুঁজছে ম্যানেজমেন্ট।

ইয়াসির আলী রাব্বি অবশ্য শুরুটা করে দিলেন দারুণ। কিন্তু এই ছন্দ কতটা ধরে রাখতে পারবেন? চার নম্বরে সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের জানান দিলেও ছয় নম্বরের জন্য কতটা কার্যকর হতে পারবেন তিনি? আপাতত সেই উত্তর সময়ের হাতেই। তবে ইয়াসিরের ব্যাটে রান পাওয়া বাংলাদেশের জন্য নিঃসন্দেহে ইতিবাচক বার্তা।











