সময় এক অদ্ভুত জাদুকর। ১৮ বছর আগে যে ছিল কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সতীর্থ, আজ সে-ই দাঁড়িয়ে আছে আম্পায়ারের পোশাকে। দিল্লী ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরর ম্যাচে দেখা মিলল এমনই এক বিরল দৃশ্যের।
একদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ক্রিজে লড়ছিলেন বিরাট কোহলি। আর তাঁর ঠিক কয়েক গজ দূরেই দাঁড়িয়ে ছিলেন আম্পায়ার অজিতেশ আরগল। এই সেই অজিতেশ, যাঁর হাত ধরে ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বিরাটের ভারত।
ফিরে যাওয়া যাক ২০০৮ সালের ১ মার্চ। কুয়ালালামপুরের সেই ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। অল্প পুঁজিতে লড়তে নেমে সেদিন মিরাকল ঘটিয়েছিলেন পেসার অজিতেশ আরগল। পাঁচ ওভারে মাত্র সাত রান দিয়ে নিয়েছিলেন দুই উইকেট।

বিরাটের প্রথম সেই বিশ্বজয়ের মঞ্চে ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছিলেন এই অজিতেশই। সেদিন মনে হয়েছিল, ভারতীয় বোলিংয়ের নতুন ধ্রুবতারা হতে যাচ্ছেন তিনি।
এরপর সময় দুজনকে দুই পথে নিয়ে গেছে। বিরাট কোহলি হয়েছেন বিশ্ব ক্রিকেটের সম্রাট। কিন্তু অজিতেশ আরগলের ক্যারিয়ার সেভাবে ডানা মেলতে পারেনি। কিংস ইলেভেন পাঞ্জাব তাঁকে দলে নিলেও আইপিএলের মূল মঞ্চে নামা হয়নি কোনোদিন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হতে না পেরে একসময় খেলা ছেড়ে যোগ দেন আয়কর বিভাগে। কিন্তু ক্রিকেটের নেশা কি আর সহজে মেটে?
খেলোয়াড় হিসেবে না পারলেও, তিনি ফিরে আসার জন্য বেছে নিলেন আম্পায়ারিংয়ের চ্যালেঞ্জ। ২০২৩ সালে বিসিসিআই-এর কঠিন পরীক্ষায় পাস করেন অজিতেশ। এরপর ঘরোয়া ক্রিকেটে হাত পাকিয়ে অবশেষে ডাক পান আইপিএলে।

যে বিরাট কোহলি একসময় অজিতেশের হাতে বল তুলে দিতেন, কাল সেই বিরাটকেই ‘গার্ড’ নিতে হলো অজিতেশের কাছে। একসময়ের সেনাপতি আজ আম্পায়ারের আদেশের অপেক্ষায়।
অজিতেশ আরগলের এই লড়াই আমাদের শেখায়, স্বপ্ন পথ বদলালেও গন্তব্য হারায় না। খেলোয়াড় হিসেবে হারিয়ে গিয়েও তিনি ফিরে এসেছেন ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে – তবে একদম নতুন এক পরিচয়ে।











