আবারও সেমিফাইনালের বৃত্তেই আটকে গেল বাংলাদেশ!

আবারও সেই সেমিফাইনাল, আবার সেই একই প্রতিপক্ষ, আবারও সেই শেফালি ভার্মা। বারবার একই বৃত্তে ঘুরছে বাংলাদেশ!

আবারও সেই সেমিফাইনাল, আবার সেই একই প্রতিপক্ষ, আবারও সেই শেফালি ভার্মা। বারবার একই বৃত্তে ঘুরছে বাংলাদেশ!

এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও ভারতের কাছে বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ, তাও সেই সেমিফাইনালে। এবার যেন আগের ম্যাচের চেয়েও বাজে খেলে হারলো নিগার সুলতানার দল। হারের ব্যবধান বাড়লো, শেফালি ভার্মার রান বাড়লো, আর গল্পটা রইলো একই। নিশ্শিনের কোরোগি স্পোর্টস পার্কে ১১৪ রানের হারে শেষ হলো ফাইনালের স্বপ্ন।

টস জিতে ব্যাট করে ভারত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান তোলে। ম্যাচের নায়ক শেফালি, ৪৯ বলে অপরাজিত ১০০ রান, ছক্কা ৯টি, ফিফটি করেছেন মাত্র ২৪ বলে। এটি তাঁর প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি, আর এশিয়ান গেমসের ইতিহাসে কোনো ব্যাটারের প্রথম শতক। ভারতের ইনিংসের শেষ ওভারের শেষ বলে এক রান নিয়ে নিজের শতক পুর্ণ করেন তিনি ।

শুরুটা অবশ্য করে দিয়েছিলেন স্মৃতি মান্ধানা। ১৯ বলে ৩৭ রান করে তিনি আউট হন, পাওয়ারপ্লেতে ভারত তুলে ফেলে ৭২ রান। এই ইনিংসেই সুজি বেটসকে ছাড়িয়ে নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হন মান্ধানা। হরমনপ্রীত কৌর করেন ৩৩ বলে ৪০। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ৪৮, মারুফা আক্তার ৪৩ আর রাবেয়া খান ৩৫ রান দেন, তিনজনই একটি করে উইকেট পান।

২০০ ছুঁইছুঁই লক্ষ্যে খেলতে নেমে নন্দীনি শর্মার প্রথম বলেই ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। দিলারা আক্তার ২৩ বলে ২৭ করে কিছুটা লড়েছিলেন। তাঁর বিদায়ের পর ধস নামে। ৫৩ রানে ৫ উইকেট থেকে দেখতে দেখতে ৫৬ রানে ৭ উইকেট। একই ওভারে নাহিদা আর রাবেয়াকে ফেরান নন্দিনী। হ্যাটট্রিক বলটা কোনোমতে সামলে নেন সুলতানা খাতুন। এর বাইরে বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে কেউই আহসা জাগাতে পারেননি, ক্রিজে এসেছেন এবং একটু পর ফিরে গিয়েছেন, কখনও নিজেদের ভুল শটে কখনো দারুণ বোলিং আর ফিল্ডিং নৈপুন্যে।

শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে ৮১ রানে অলআউট বাংলাদেশ। দিপ্তি শর্মা ২.৪ ওভারে ৭ রান দিয়ে নেন ৩ উইকেট। নন্দীনি ২৫ রানে ৩টি, শ্রী চরণী ৭ রানে ২টি। বাংলাদেশের সর্বোচ্চ রান দিলারার ২৭, সুলতানা অপরাজিত থাকেন ১২ রানে।

এবারও সেই  সেমিফাইনালেই টূর্নামেন্ট এর যাত্রা শেষ , বার বার ভারতের কাছেই থেমে যেতে হয় বাংলাদেশের , এই গল্প যেন অবধারিত। !

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link