২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশের মেয়েরা

স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দল খেলবে এই টুর্নামেন্টে। সম্ভাব্য অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য দারুণ সংবাদ-  চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

আইসিসির নতুন যোগ্যতা নির্ধারণ পদ্ধতি অনুযায়ী, ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপ থেকে শীর্ষ চারটি করে মোট আটটি দল পরবর্তী বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে। গ্রুপ ‘এ’-তে সেরা চারের মধ্যে থেকে বাংলাদেশ এই যোগ্যতা অর্জন করেছে। বাছাইপর্বের ঝামেলা ছাড়াই সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করা বাংলাদেশ নারী দলের জন্য নি:সন্দেহে বড় অর্জন।

বিশ্বকাপ হবে ১২ দলের। বাংলাদেশের সঙ্গে একই গ্রুপ থেকে সরাসরি ২০২৮ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে টিকিট পেয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা।

২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হওয়ায় পাকিস্তান আগেই মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করে রেখেছে। ফলে সরাসরি যোগ্যতা পাওয়া দলের সংখ্যা দাঁড়িয়েছে নয়টি। বাকি একটি স্থানের জন্য সবচেয়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। আগামী ৬ জুলাই প্রকাশিত আইসিসির হালনাগাদ র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে দশম দলটির নাম চূড়ান্ত হবে। বাছাইপর্ব খেলে আসতে হবে বাকি দু’টো দলকে।

এদিকে ২০২৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফির অংশগ্রহণ কাঠামোও ঘোষণা করেছে আইসিসি। স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দল খেলবে এই টুর্নামেন্টে। সম্ভাব্য অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

Share via
Copy link