আবারও ফিরছে বোলার হান্ট!

বাংলাদেশ ক্রিকেটের প্রতিভা অন্বেষণের সবচেয়ে পরিচিত নাম বোলার হান্ট, আবারও ফিরছে প্রায় এক দশক পর। বিসিবি ও রবি আজিয়াটার যৌথ আয়োজনে এবার আলাদা করে পেসার কিংবা স্পিনার খোঁজা হবে না, একই মঞ্চে থাকবে দুই বিভাগই। সঙ্গে থাকছে আরেকটি বড় পরিবর্তন, প্রথমবারের মতো পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটাররাও অংশ নিতে পারবেন এই কর্মসূচিতে।

বাংলাদেশ ক্রিকেটের প্রতিভা অন্বেষণের সবচেয়ে পরিচিত নাম বোলার হান্ট, আবারও ফিরছে প্রায় এক দশক পর। বিসিবি ও রবি আজিয়াটার যৌথ আয়োজনে এবার আলাদা করে পেসার কিংবা স্পিনার খোঁজা হবে না, একই মঞ্চে থাকবে দুই বিভাগই। সঙ্গে থাকছে আরেকটি বড় পরিবর্তন, প্রথমবারের মতো পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটাররাও অংশ নিতে পারবেন এই কর্মসূচিতে।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে দেশের আটটি ভেন্যুতে শুরু হবে বাছাই পর্ব, এর মধ্যে দুটি থাকবে ঢাকায়। প্রতিটি ভেন্যুতে থাকবে বিসিবির কোচ, নির্বাচক আর সাবেক ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত কারিগরি প্যানেল। গতি মাপার যন্ত্র আর প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তাও দেবে বোর্ড। নারী ক্রিকেটারদের বাছাইয়ের সময় মাঠে থাকবেন নির্বাচকেরাও, সঙ্গে জাতীয় দলের বিভিন্ন বিভাগের কোচরা।

বিসিবির এমন আয়োজন থেকে আগেও উঠে এসেছেন দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ক্রিকেটাররা। ২০০৫ ও ২০০৭ সালে গ্রামীণফোনের সহযোগিতায় হওয়া পেসার হান্ট থেকে জাতীয় দলে জায়গা পান রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

রুবেল দীর্ঘদিন বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন, খেলেছেন একাধিক বিশ্বকাপেও। এরপর ২০১৬ সালে রবির পৃষ্ঠপোষকতায় হওয়া পেসার হান্টে ঘণ্টায় ১৩৯.৯ কিলোমিটার গতিতে বল করে সেরা হন এবাদত হোসেন, পরবর্তীতে যিনি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম ভরসার নাম হয়ে ওঠেন।

একই বছর হাই পারফরম্যান্স ক্যাম্পে ডাক পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তর মতো ক্রিকেটাররাও, যারা এখন জাতীয় দলের সবচেয়ে  নীর্ভরযোগ্য মুখ। ২০১৭ সালেও হয়েছিল আলাদা স্পিন হান্ট।

এত বছর পর ফেরা এই কর্মসূচি নিয়ে তাই প্রত্যাশাও বাড়ছে। রুবেল কিংবা এবাদত একদিনের ট্রায়াল থেকেই তারকা হয়ে ওঠেননি, লম্বা সময় ধরে গড়ে তোলা হয়েছিল তাদের। নির্বাচিতদের জন্যও তাই থাকছে নিয়মিত প্রশিক্ষণ আর দীর্ঘমেয়াদি পরিচর্যার পরিকল্পনা। বোলার হান্ট যদি আবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে বাংলাদেশের বোলিং আক্রমণে নাহিদ রানা, হাসান মাহমুদ দের মতো বিশ্বমঞ্চ কাঁপানো বোলার আসবে আরো, শক্ত আর মজবুত হবে পাইপলাইন।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link