ইংল্যান্ডের মাটিতে সবশেষ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার সাথে স্লো ওভার রেটের দায়ে ১১ পয়েন্ট খুইয়েছে পাকিস্তান। তবে জিতেও খুব একটা সুবিধা হয়নি ইংল্যান্ডের জন্য। ছয় নম্বরে থাকায় ফাইনাল খেলার সুযোগ হারিয়ে এখনও ব্যাকফুটেই তাই জো রুটরা!
বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে নির্ধারিত সময়ের চেয়ে ১১ ওভার কম বল করেছিল পাকিস্তান। যা আইসিসির আচরণবিধির ২.২২ ধারার গুরুতর লঙ্ঘন! এতে শাস্তি হিসেবে ক্রিকেটারদের ম্যাচ ফি-র সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা করে আইসিসি।
পাশাপাশি, প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারা মোতাবেক মন্থর হওয়া প্রতিটি ওভারের জন্য পাকিস্তানের ১ পয়েন্ট করে মোট ১১ পয়েন্ট কেটে নেয় সংস্থাটি। এতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার তলানিতেই রয়ে গেলেন বাবর আজমরা!

অন্যদিকে, পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েও ইংল্যান্ড বিশেষ কোনো ফায়দা লুটতে পারেনি। শেষ ম্যাচে আট উইকেটের জয়, তালিকায় সাতে থাকা শ্রীলঙ্কার সাথে ব্যবধান বাড়ালেও ১৬ টেস্ট শেষে রুটদের পয়েন্ট মোটে ৩৮.৫৪। পয়েন্ট তালিকার ছয় নম্বরে থাকা ইংরেজরা আগেই ছিটকে গেছে টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড় থেকে।
চলতি মৌসুমে ৮০ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দুইয়ে দক্ষিণ আফ্রিকা, তিনে নিউজিল্যান্ড, চার বাংলাদেশ এবং পাঁচে রয়েছে ভারতের অবস্থান।
আর টানা তিন হারের বড় ধাক্কায় নয় টেস্টে মাত্র ১৪.৮১ পয়েন্ট নিয়ে টেবিলের সবার নিচে নবম স্থানে পাকিস্তান। মাঠের ব্যর্থতা আর পয়েন্ট জরিমানার জোড়া আঘাতে চূড়ান্ত বিপর্যয়কর সময়ই পার করছেন বাবররা।











