ক্রিকেটের বাইশ ম্যাচ তো কেউ না কেউ জেতে, তবে কেউ যদি একাই ম্যাচের দখল নিয়ে নেয় সেটা রীতিমতো অবিশ্বাস্য কীর্তি। ফিন অ্যালেন সেটাই করলেন। অনবদ্য এক শতক হাঁকিয়ে ঝেড়ে ফেললেন ফর্মহীনতার হতাশা।
টার্গেট ১৪৩। টি-টোয়েন্টি ক্রিকেটে এটা এমন কিছু না, যেটা নিয়ে নাটক হওয়ার কথা। কিন্তু মাঠে নেমে ফিন অ্যালেন যেন এটাকে বানিয়ে ফেললেন ব্যক্তিগত শো। প্রথম বল থেকেই বোঝা যাচ্ছিল আজ তিনি হিসাব-নিকাশের বাইরে।

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিন অ্যালেনের কাছে যে প্রত্যাশা করেছিল কলকাতা নাইট রাইডার্স তার ছিটেফোটাও মেটাতে পারেননি ছয় ম্যাচ ধরে। অবশেষে সপ্তমবারে চেষ্টায় বনে গেলেন রবার্ট ব্রুস। বাইশ গজ জয় করলেন দিল্লি কাঁপিয়ে দিয়ে।
৪৭ বলে কাটায় কাটায় ১০০। কেউ তাকে দমাতে কিংবা থামাতে পারেনি। অ্যালেন ঝড়ের সামনে দাঁড়ানো তো আর চাট্টিখানি কথা নয়। দিল্লিও পারেনি।

১৪৩ রান একাই তাড়া করার ভূত চেপেছিল তাঁর ঘাড়ে। অবশ্য বড় ম্যাচ বলে কথা, এখন না হলে আর কখন। প্লে-অফের রেসে টিকে থাকতে হলে যে অ্যালেনের জ্বলে ওঠার বিকল্প নেই। এবার হয়তো কলকাতা একটু হলেও স্বস্তিতে থাকবে, কেননা অ্যালেন ঝড় যে শুরু হয়েছে।
Share via:










