গর্ডন আশা নাকি আশঙ্কার নাম?

মার্সিসাইডের ছায়া থেকে ক্যাম্প ন্যু-এর আলোর ঝলকানির মধ্যে আসা তরুণ গর্ডনের জন্য থাকবে বার্সার মূল একাদশে নিজের যোগ্যতা প্রমাণের তীব্র মানসিক চাপ।

ফুটবলের গ্রীষ্মকালীন দলবদল যেন মানেই এক রোমাঞ্চকর নাটক, যেখানে একেকটি চুক্তি রাতারাতি বদলে দেয় তরুণ খেলোয়াড়ের ভাগ্য। ২০২৬ সালের উইন্ডোতে তেমনি এক মহানাটকীয় দলবদলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন অ্যান্থনি গর্ডন। ৮০ মিলিয়ন ইউরোর এই বিশাল মূল্যের বিপরীতে নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়ে এই ইংলিশ উইঙ্গার যেন এক রূপকথার জগতে পা রেখেছেন।

নিউক্যাসেলের জন্য গর্ডনের চুক্তিটি ছিল মূলত নিজেদের রণকৌশল বদলানোর এক বড় সুযোগ। গত মৌসুমে আলেকজান্ডার ইসাককে জোর করে ধরে রাখতে গিয়ে ক্লাবের ভেতরের যে ক্ষতি হয়েছিল, তার পুনরাবৃত্তি আর করতে চায়নি ক্লাবটি। তাই গর্ডন যখন ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেন, তখন আর কোনো জোরাজুরি না করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাকে দ্রুত বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় মার্সিসাইডের এই ক্লাব।

অন্যদিকে, টানা দুইবার লা-লিগা জেতা বার্সেলোনার জন্য এই সাইনিংটি যেমন আশার, তেমনই এক বড় আশঙ্কার জন্ম দিয়েছে। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের ধকল কাটিয়ে লা লিগার কড়া নিয়ম মেনে যখনই ক্লাবটি একটু গুছিয়ে উঠেছে, তখনই গর্ডনের পেছনে এই ৮০ মিলিয়ন ইউরো ঢালার সিদ্ধান্ত ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

বার্সার জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের কাছে গর্ডন একজন পরিশ্রমী এবং উইংয়ের যেকোনো পজিশনে খেলতে পারা এক আদর্শ প্রেসিং মেশিন। চ্যাম্পিয়ন্স লিগে এই মৌসুমে ১০টি গোল করলেও তাঁর ঘরোয়া লিগের পারফরম্যান্স কিন্তু খুব একটা আশা জাগানিয়া নয়। ফলে বার্সা তাঁর জন্য অতিরিক্ত মূল্য চুকিয়েছে কি না, সেই বিতর্ক এখন বেশ তুঙ্গে।

তবে গর্ডনের জন্য এটি এক অবিশ্বাস্য স্বপ্নপূরণের গল্প। অ্যান্থনি এলাঙ্গার মতো খেলোয়াড়ের পাশে খেলা থেকে সরাসরি লামিন ইয়ামালের সাথে জুটি বাঁধার এই সুযোগ গর্ডন নিজেই হয়তো বিশ্বাস করতে পারছেন না। বায়ার্ন মিউনিখ অতিরিক্ত দামের কারণে পিছিয়ে গেলেও বার্সা তাকে দলে নিয়ে এক বিশাল চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

মার্সিসাইডের ছায়া থেকে ক্যাম্প ন্যু-এর আলোর ঝলকানির মধ্যে আসা তরুণ গর্ডনের জন্য থাকবে বার্সার মূল একাদশে নিজের যোগ্যতা প্রমাণের তীব্র মানসিক চাপ। মার্কাস র‍্যাশফোর্ডের মতো তারকা যেখানে বার্সায় এসে কোণঠাসা হয়ে পড়েছেন, সেখানে গর্ডন এই বিশাল অর্থের যথার্থতা প্রমাণ করতে পারেন কি না, তা দেখতেই এখন মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।

 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link