যে ব্যাটার একসময় বোলারদের কাছে ছিলেন দুঃস্বপ্নের নাম, মাঠের চারপাশে যিনি এমন সব শট খেলতেন যা কোনো কোচিং ম্যানুয়ালে লেখা ছিল না, সেই এবি ডি ভিলিয়ার্স এবার যোগ দিচ্ছেন বাংলাদেশের ড্রেসিংরুমে? তিন ফরম্যাট মিলিয়ে ২০ হাজার ১৪ রান করা মিস্টার থ্রি সিক্সটি এবার বাংলাদেশের ব্যাটিং কোচ হচ্ছে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে।
নতুন ব্যাটিং কোচের খোঁজে বোর্ড বিদেশিদের নিয়ে যে তালিকা করেছে, তাতে এই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির নাম থাকার খবরেই শুরু হয়েছে হইচই। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি, শেষ পর্যন্ত তিনি যদি সত্যিই যোগ দেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে সেটা হবে বড় এক চমক।
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে পুরোনো সমস্যার নাম ব্যাটিং। টেস্ট, ওয়ানডে, বা টি টূয়েন্টি বোলাররা নিজেদের সর্বোচ্চ দিয়েও অনেক ম্যাচ জেতাতে পারেন না, কারণ ব্যাটাররা প্রায়ই ডুবিয়ে দেন। বর্তমানে ব্যাটিং কোচের দায়িত্বে আছেন আশরাফুল। কিন্তু তিনি আসার পর বড় সাফল্য চোখে পড়েনি, উল্টে ব্যাটিং বিপর্যয়ের তালিকা এত লম্বা হয়েছে যে গুনে শেষ করা কঠিন।

এই অবস্থায় দেশি কোচদের ওপর নির্ভরতা নিয়ে কথা উঠেছিল ঠিকই, তবে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তাঁদের ওপরই ভরসা রাখার কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত নড়েচড়ে বসেছে বিসিবি। সম্প্রতি প্রধান কোচ ফিল সিমন্সের সহকারী হিসেবে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতাকে, যিনি ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত দলের সঙ্গে থাকবেন। এবার সেই দেশেরই আরেক কিংবদন্তি ডি ভিলিয়ার্সকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিসিবির ভেতর থেকে এবং বিভিন্ন সূত্রে গুঞ্জন, ব্যাটিং কোচ হিসেবে ‘থ্রি সিক্সটি’ খ্যাত এই তারকাকেই ভাবছে বোর্ড।
অবশ্য কয়েক মাস আগে এক পডকাস্টে ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন, আপাতত বাংলাদেশের কোচিং নিয়ে তিনি ভাবছেন না। তাই নতুন করে ওঠা এই গুঞ্জন কতটা সত্যি হবে, সেটা সময়ই বলবে। তবে হয়ে গেলে বাংলাদেশ ক্রিকেটের জন্য এর চেয়ে ভালো খবর কমই হতে পারে।
কারণ বছরের পর বছর ধরে এই দলকে ভোগানো সমস্যাগুলো সবারই জানা। হুট করে উইকেট বিলিয়ে দেওয়া, পাওয়ার হিটিংয়ের অভাব, ভুল শটে আউট হওয়া। এসব শোধরাতে ঠিক এমন একজনই দরকার, যিনি নিজে এক সময় বিশ্বের সেরা ব্যাটারদের একজন ছিলেন। ডি ভিলিয়ার্সের বিশাল অভিজ্ঞতা আর ব্যাটিং জ্ঞান বাংলাদেশের ব্যাটারদের কতটা বদলাতে পারবে, এখন সেটাই দেখার অপেক্ষা।











