মাঠের ব্যর্থতা ভুলে এস্টারের হাতে এমবাপ্পের হাত

এখন আর ফুটবল বা গোলবন্যা নয়, বিশ্বজুড়ে আলোচনায় শুধুই এই দুই সেলিব্রিটির রসায়ন। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে তাদের নিভৃত আর রোমান্টিক মুহূর্তগুলো।

বিশ্বকাপ জেতা হয়নি। কিন্তু কিলিয়ান এমবাপ্পে রিক্ত হাতে ফেরেননি। ১০ গোল করে গোল্ডেন বুট বাগিয়ে নিয়েছেন এই ফুটবলার। ফুটবল মাঠের উত্তাপ আর ট্রফি জয়ের লড়াই ছেড়ে ফরাসি এই মহাতারকা এখন প্রেমের মিঠে রোদে গা ভাসাচ্ছেন।

গন্তব্য এখন আমেরিকার মিয়ামি। চারদিকে নীল জলরাশি আর রাতের ঝলমলে আলো। সেখানেই স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোজিটোর হাত ধরে হাঁটতে দেখা গেল এমবাপ্পেকে। কোনো লুকোছাপা নেই, কোনো দ্বিধা নেই। ক্যামেরার লেন্সকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে দুজনে যেন এক নতুন রোমান্টিক সম্পর্কের জানান দিলেন।

অথচ কিছুদিন আগেও চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। প্রেমের গুঞ্জন থাকলেও তারা ছিলেন সতর্ক। জনসমক্ষে রেস্তোরাঁ থেকে বের হতেন আলাদা পথে, যাতে কারোর চোখে না পড়েন। এমনকি এস্টার এড়িয়ে চলতেন সাংবাদিকদের করা ব্যক্তিগত প্রশ্নও। কিন্তু মিয়ামির এবারের নৈশক্লাবে প্রবেশের দৃশ্যটি ছিল একেবারেই খোলামেলা। হাতে হাত রেখে তাদের এই পদচারণা যেন সব পুরনো জল্পনার অবসান ঘটাল।

ফরাসিদের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে চতুর্থ স্থানে। সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চরম বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এস্টার। ফুটবল মাঠের সেই হার-জিতের দায়ভার অন্যায়ভাবে চাপানো হয়েছিল এই অভিনেত্রীর কাঁধে। তবে সেই তিক্ততা আর বিশ্বকাপের পাহাড়সম চাপ এখন কেবলই অতীত।

এখন আর ফুটবল বা গোলবন্যা নয়, বিশ্বজুড়ে আলোচনায় শুধুই এই দুই সেলিব্রিটির রসায়ন। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে তাদের নিভৃত আর রোমান্টিক মুহূর্তগুলো। রিয়াল মাদ্রিদের নতুন এই গোলমেশিনের সামনে এখন নতুন মৌসুমের হাতছানি। সেই ব্যস্ততা শুরুর আগে এই অবসরটুকু যেন তার জীবনের সেরা উপহার। লুকোচুরির পর্দা সরিয়ে তারা এখন সগৌরবে একে অপরের সঙ্গী।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link