দিল্লী ক্যাপিটালসেই খেলবেন মুস্তাফিজুর রহমান। সম্ভব হলে তাঁকে আইপিএলের আগামী মৌসুমেই আবার দিল্লীর ডেরায় দেখতে চাইবেন কিরণ কুমার গ্রান্ধী। গেল জুনে শ্রীলঙ্গার গলের বসে বলা এই কথাটা সম্ভবত রাখতে চলেছেন দিল্লী ক্যাপিটালসের মালিক।
আইপিএল নিলামে কখনওই হট কেক ছিলেন না মুস্তাফিজুর রহমান। কিন্তু, আইপিএলের মঞ্চে বরাবরই তিনি কার্যকর বোলার। শেষ ওভার সামলানোর জন্য নির্ভরযোগ্য অস্ত্র খোঁজে সবাই, মুস্তাফিজ স্বভাবতই পেয়ে যান অগ্রাধিকার। আইপিএলে ৬০ ম্যাচ খেলে তিনি পেয়েছেন ৬৫ টি উইকেট, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম মৌসুমেই জিতেছিলেন শিরোপা।

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের জন্য ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। গেল আসরে বদলী হিসেবে দিল্লীতে গিয়ে মাত্র তিন ম্যাচেই চার উইকেট পান মুস্তাফিজ।
বদলী খেলোয়াড়দের ধরে রাখার সুযোগ নেই, তাই মুস্তাফিজকে রাখতে পারেনি দিল্লী। তবে, কিরণ কুমার গ্রান্ধীর মনে ধরেছিল মুস্তাফিজকে। আর এর পালে হাওয়া দিচ্ছে দুবাই ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজের সাম্প্রতিক ফর্ম।

আইএলটি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচেই নিয়েছেন চারটি উইকেট। দুবাই ক্যাপিটালসের মালিকও জিএমআর গ্রুপ, মানে কিরণ কুমারের প্রতিষ্ঠান। ফলে, ভেতরের খবর হল ১৬ ডিসেম্বরের মিনি নিলামে মুস্তাফিজের পেছনে হন্যে হয়ে ছুটবে দিল্লী।










