নতুন বল আর ভুবনেশ্বরের রাজত্ব!

বয়স বেড়েছে, সময় শেষের গল্প লিখছে। তবু নতুন বলের সেই দাপট আজও অমলিন। আজও ব্যাটাররা ভুবনেশ্বর নামক শিল্পীর শৈল্পিক সেই সুইংয়ের ধাঁধাটা ভেদ করতে পারেন না। কিছু জিনিসের ক্ষয় হয় না, ভুবনেশ্বরই তার প্রমাণ।

ব্যাটারদের দাপটে ভরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এটা এখন প্রায় প্রতিষ্ঠিত সত্য। ছোট মাঠ, ফ্ল্যাট উইকেট আর ব্যাটারদের আগ্রাসী মানসিকতা, সব মিলিয়ে এখানে বোলারদের জন্য কাজটা সহজ নয়। তবুও এই ব্যাটিং-স্বর্গেই কিছু বোলার আছেন, যাদের বোলিং দেখার জন্য আলাদা করে দর্শক টিভির সামনে বসে। ভুবনেশ্বর কুমার তাদেরই একজন।

নতুন বলে সুইংয়ের নিখুঁত ব্যবহারই তাঁর সবচেয়ে বড় অস্ত্র। যার সামনে ধুলিসাৎ হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার। আট রানে দিল্লি হারিয়েছে ছয় উইকেট। জশ হ্যাজলউডের আগ্রাসনের সামনেই টাল সামলাতে না পারা দিল্লির সামনে জাদুকরী সেই সুইং নিয়ে আবির্ভূত হয়েছেন ভুবনেশ্বর।

প্রথম ওভারের দ্বিতীয় বলেই তরুণ সাহিল পরাখ বুঝেছেন এই ভুবনেশ্বর কী জিনিস! স্টাম্প চূর্ণবিচূর্ণ করে নিজের উপস্থিতির জানান দেন। নতুন বলে তিন ওভারের স্পেল করেছেন, শিকারের লিস্টে নাম উঠেছে, পরাখসহ ট্রিস্টান স্টাবস এবং অক্ষর প্যাটেলের। খরচের খাতায় সংখ্যাটা পাঁচ।

আইপিএলে প্রথম ওভারেই এখন পর্যন্ত তিনি নিয়েছেন ২৯টি উইকেট। এই তালিকায় তার ওপরে আছেন কেবল ট্রেন্ট বোল্ট, যার সংগ্রহ ৩২ উইকেট। নতুন বলে যে ত্রাস সৃষ্টি করেছেন, সেটা চোখের জন্য আরামদায়কই।

বয়স বেড়েছে, সময় শেষের গল্প লিখছে। তবু নতুন বলের সেই দাপট আজও অমলিন। আজও ব্যাটাররা ভুবনেশ্বর নামক শিল্পীর শৈল্পিক সেই সুইংয়ের ধাঁধাটা ভেদ করতে পারেন না। কিছু জিনিসের ক্ষয় হয় না, ভুবনেশ্বরই তার প্রমাণ।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link