নেপাল প্রিমিয়ার লিগে ঘটল এক অভিনব দৃশ্য—নিরাপত্তার স্বার্থে কমেন্ট্রি বক্সেই হেলমেট পরে ধারাভাষ্য দিতে দেখা গেল দুই কমেন্টেটরকে!
ঘটনার সূত্রপাত কুশল ভুর্টেলের ব্যাট থেকৈ। এক বিশাল ছক্কা সোজা গিয়ে আঘাত করে কমেন্ট্রি বক্সের কাচে। শক্তিশালী সেই শটে কাচ ভেঙে ছিটকে পড়ে, আর তাতেই চমকে যান সেখানে থাকা সবাই। পরদিন তাই বাড়তি সতর্কতা হিসেবে হেলমেট পরে দায়িত্বে বসেন কমেন্টেটর অ্যান্ড্রু লিওনার্ড ও এইচডি অ্যাকারম্যান।

এই অদ্ভুত অথচ বাস্তবসম্মত নিরাপত্তা ব্যবস্থা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। ছবিতে দেখা যায়—লিওনার্ড মাথায় পরেছেন সুদূরপশ্চিম রয়্যালসের হেলমেট, আর অ্যাকারম্যানের মাথায় কাঠমান্ডু গোরখাসের হেলমেট।
আসলে হঠাৎ ভেঙে যাওয়া কাচের পর পরিস্থিতি সামাল দিতেই এমন সিদ্ধান্ত। লিগে ব্যাটারদের শক্তিশালী শট কতটা বিপজ্জনক হতে পারে, এই ঘটনাই তার স্পষ্ট উদাহরণ। বিষয়টা নিয়ে রসিকতা হলেও বলতেই হয়, সব কিছুর আগে নিরাপত্তা।











