আনুষ্ঠানিকভাবেই ওয়ানডেতে শেষ হলো মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব অধ্যায়। এই ফরম্যাটের দায়িত্ব এখন লিটন দাসের কাঁধে। টি-টোয়েন্টির পর ওয়ানডের গুরুদায়িত্ব সামলাবেন লিটন। আর এরই সঙ্গে তিন ফরম্যাটে তিন অধিনায়ক প্রথা থেকে সরে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিছুদিন ধরেই জোর আলোচনা চলছিল। ২০২৭ বিশ্বকাপ সন্নিকটে, সেখানে নেতৃত্ব কে দেবেন? মিরাজের ব্যক্তিগত পারফরম্যান্স যেমন ভরসা জোগাতে পারছে না, তেমনই অধিনায়কত্বেও আস্থা ছিল না। ফলে লিটনের ওপরই নজর রেখেছিল বোর্ড।

অবশ্য মিরাজ নিজেও ব্যর্থতার বোঝা বয়ে বেড়াতে পারছিলেন না। বোর্ড সভাপতি তামিম ইকবালের সঙ্গে আলোচনা করেই সরে গেছেন তিনি। নিজের পারফরম্যান্সের ওপর নজর দেওয়াই এখন মিরাজের লক্ষ্য।
বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, তিন অধিনায়ক প্রথায় বিশ্বাসী নয় বোর্ড। সাদা এবং লাল বলের খেলায় দুই অধিনায়কই যথেষ্ট। যার ফলস্বরূপ লিটন দাস এখন টি-টোয়েন্টি এবং ওয়ানডের অধিনায়ক, আর সাদা পোশাকে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সেই সঙ্গে ওয়ানডেতে সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে তাওহীদ হৃদয়কে।

মিরাজ অধ্যায় শেষ, এবার ওয়ানডে বিশ্বকাপ অভিযানে নেতৃত্ব দেবেন লিটন দাস। বড় দায়িত্ব তাঁর কাঁধে, বড় স্বপ্নের বোঝা বইতে হবে তাঁকে। এ যাত্রায় কেমন করেন তিনি, সেটাই এখন দেখার অপেক্ষা।
Share via:










